যাত্রাবাড়ীতে রাস্তাজুড়ে ময়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী চৌরাস্তায় ছড়িয়ে–ছিটিয়ে রাখা ময়লার ভ্যানগাড়ি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
যাত্রাবাড়ী চৌরাস্তায় ছড়িয়ে–ছিটিয়ে রাখা ময়লার ভ্যানগাড়ি। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

রাজধানীর যাত্রাবাড়ী-পোস্তগোলা প্রধান সড়কের মুখে দোলাইর পাড় এলাকার রাস্তায় রয়েছে ময়লাভর্তি পাঁচটি ভ্যানগাড়ি। সে ভ্যানগাড়ি থেকে উপচে পড়া ময়লা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। এতে দুর্গন্ধে পথ চলতে পারছেন না পথচারীরা। দিনের পর দিন চলছে এই অবস্থা।
গত সোমবার সকালে সেখানে গিয়ে দেখা গেল, দোলাইর পাড় বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছেন বয়োজ্যেষ্ঠ আবদুল কুদ্দুস। তিনি শ্যামপুর যাবেন। নাকে রুমাল চেপে ক্ষোভের সঙ্গে বললেন, ‘কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে রাস্তা বড় করা হচ্ছে। ফ্লাইওভার বানানো হচ্ছে। কিন্তু এর ফল আমরা কতটুকু পাচ্ছি?’
স্থানীয় একটি ব্যাংকের কর্মকর্তা আবদুস সবুর বললেন, পৃথিবীর এমন কোনো সভ্য দেশ আছে, যেখানে ব্যস্ত রাস্তায় এভাবে ময়লাবাহী ভ্যানগাড়ি ফেলে রাখা যায়? তবে পার্শ্ববর্তী বিপণিবিতানের কর্মচারী সোহরাব আলম, পান-সিগারেটের দোকানি রহমত আলীর কাছে এ যানজট আর দুর্গন্ধের অস্বস্তি আগের তুলনায় কম। রহমত আলী বললেন, ‘প্রত্থম প্রত্থম ময়লার গন্দে বমি আইত। এখন অভ্যাস অইয়া গেছে।’ কয়েকজন দোকানি বললেন, মাঝে মাঝে দুদিনেও ময়লাভর্তি ভ্যানগাড়ি সরানো হয় না।
শুধু দোলাইর পাড়ই নয়, আশপাশের এলাকায়ও অগোছালোভাবে ভ্যানগাড়ি রাখতে দেখা যায়। যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে সোনালী ব্যাংকের অদূরে, ধলপুর কমিউনিটি সেন্টার থেকে সায়েদাবাদ সেতুতে যাওয়ার পথে দুটি ভ্যানগাড়ি শোভা পাচ্ছে। টিকাটুলী অভয় দাস লেনে সেন্ট্রাল উইমেন কলেজের সামনে রাখা ভ্যানগাড়ি থেকে প্রতিনিয়ত এত দুর্গন্ধ ছড়ায় যে পথযাত্রী রিকশা আরোহীরা দূর থেকেই নাক চেপে ধরতে বাধ্য হন। কামরুন্নেসা স্কুলের সামনেও একই দৃশ্য।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪৫টির মতো ভ্যানগাড়ি রয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনেই আছে ৩২৫টি। দুই করপোরেশনে বর্জ্যবাহী গাড়ি আছে ৫০০টি। এগুলো প্রতিদিন গড়ে ৯৬৫ বার বর্জ্য বহন করে। এতে ৩ হাজার ২১০ টন বর্জ্য টানা যায়। কিন্তু বাস্তবে তা হয় না। মাতুয়াইল ও আমিনবাজার ভাগাড়ের লগবই পরীক্ষা করে দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাস্তবে প্রতিদিন গড়ে ২ হাজার ৫০০ টন ময়লা ফেলা হয়। সূত্রমতে, বেশি বর্জ্য ফেলা হয় বলে বলা হলেও বাস্তবে ময়লার ভ্যানগাড়িগুলো ময়লাসহ রাস্তাতেই পড়ে থাকে।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য বিভাগের প্রধান রকিব উদ্দিন ভূঁইয়া বলেন, পরিবেশ ও যানজটের কথা বিবেচনা করে রাস্তায় রাখা ময়লার ভ্যানগাড়িগুলো গুছিয়ে রাখা ও নিয়মিত সরিয়ে নেওয়া সম্ভব হয় না। যাত্রাবাড়ীর ভ্যানগাড়িগুলো নিয়ম মেনে রাখা হয়েছে কি না, তিনি খোঁজ নেবেন। ভ্যানগাড়ি রাস্তায় না রেখে বাইরে রাখার জন্য জায়গা অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে। সে রকম হলে ভ্যানগাড়ি নিয়ে বিড়ম্বনা এড়ানো যাবে।