যাত্রাবাড়ী ও চকবাজার থেকে ৮ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার এলাকা থেকে আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় দুটি আলাদা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই ছিনতাইকারী। তাঁরা হলেন শাহ আলম (২০), মো. পাবেল (১৯), মো. ফারহান (১৯), মো. ইয়াছিন (২৪) ও মো. হাবিবুল (১৯)। তাঁদের কাছ থেকে পাঁচটি চাকু ও পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া গতকাল রাতে রাজধানীর চকবাজার মডেল থানার হোসেনি দালান এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সৌরভ মিয়া (২৯), মো. শাকিল (১৯) ও জিহাদুল ইসলাম (১৯)। তাঁদের কাছ থেকে তিনটি চাকু ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
র্যাব-১০–এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা যাত্রাবাড়ী, চকবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ভয় দেখিয়ে সঙ্গে থাকা অর্থ ও মূল্যবান সম্পদ ছিনতাই করছিলেন। তাঁদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।