যাত্রাবাড়ী থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে গত মঙ্গলবার সকালে ১৬০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কর্মকর্তাদের দাবি, এটিই রাজধানীতে এ পর্যন্ত আটক হওয়া সবচেয়ে বড় গাঁজার চালান। আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল গ্রামের রুহুল আমিন (২৮) এবং একই জেলার বুড়িচং উপজেলার বটেশ্বর গ্রামের খোকন মিয়া (২৭)।কর্মকর্তারা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রমনা সার্কেলের পরিদর্শক ওসমান কবিরের নেতৃত্বে একটি বিশেষ দল এই চালানটি আটক করে। কর্মকর্তারা বলেছেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে আসা গাঁজার ওই চালানটি ঢাকা হয়ে দিনাজপুরে পাচার হচ্ছিল।পরিদর্শক ওসমান কবির জানান, গোপন সংবাদ পেয়ে তাঁরা নারায়ণগঞ্জের মদনপুর মহাসড়ক থেকে একটি প্রাইভেটকারকে অনুসরণ করতে থাকেন। সকাল নয়টার দিকে যাত্রাবাড়ীতে এসে তাঁরা প্রাইভেটকারটির গতিরোধ করেন। চালক খোকন মিয়া ছাড়াও গাড়িতে মোট দুজন ছিলেন। তবে তাঁদের একজন পালিয়ে যান। আটক রুহুল আমিন এই বছরের শুরুর দিকে দিনাজপুরে ১৮ কেজি গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়েছিলেন। দুই মাসের মধ্যেই তিনি জামিনে বেরিয়ে এসে আবার ব্যবসায় জড়িয়ে পড়েন।পরিদর্শক বলেন, আটক হওয়া গাঁজার প্রতি কেজির দাম অন্তত ১০ হাজার টাকা। সেই হিসাবে মোট উদ্ধারকৃত গাঁজার দাম ১৬ লাখ টাকা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারি বলেন, এর আগে ঢাকায় এত পরিমাণ গাঁজা কখনোই উদ্ধার করা হয়নি। এটিই স্মরণকালের সবচেয়ে বড় চালান।আটক রুহুল আমিন জানান, তাঁর দায়িত্ব ছিল গাঁজাগুলো ঢাকার টঙ্গীতে পৌঁছে দেওয়া। সেখান থেকে গাড়িটি চালিয়ে এগুলো অন্য কারও দিনাজপুর নিয়ে যাওয়ার কথা ছিল।