যাত্রাবাড়ী-বিবিরবাগিচায় গ্যাস নেই পাঁচ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু এলাকায় পুরোনো ও নতুন গ্যাস পাইপলাইনের আন্তসংযোগের কারণে যাত্রাবাড়ী-বিবিরবাগিচা, কাজলা ও আশপাশের এলাকায় পাঁচ দিন ধরে চরম গ্যাস-সংকট চলছে। প্রায় দুই দিন বন্ধ থাকার পর গত রোববার বিবিরবাগিচায় গ্যাস সরবরাহ চালু করা হলেও বেশির ভাগ বাড়িতে এখন চুলা জ্বলছে টিমটিম করে। গ্যাসের অভাবে চরম দুর্ভোগে পড়েছে অনেক পরিবার। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি সায়েদাবাদ জনপদ মোড় থেকে যাত্রাবাড়ী বিবিরবাগিচা পর্যন্ত গ্যাস পাইপের আন্তসংযোগ করার কাজ শুরু করে গত ১ সেপ্টেম্বর সকালে। এ জন্য ওই এলাকায় বিচ্ছিন্নভাবে রাস্তাও খোঁড়া হয়। পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকবে না—তিতাসের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়ায় এলাকাবাসীর প্রস্তুতি ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে কিছু বাড়ির চুলায় গ্যাস এলেও বেশির ভাগ বাড়িতে সমস্যা থেকেই যায়। স্থানীয় বাসিন্দারা তিতাসের প্রতিনিধিদের কাছে খোঁজ নিতে গেলে তাঁদের বলা হয়, কিছু বাড়ির গ্যাস পাইপলাইন নকশার বাইরে আছে। আপাতত কিছু করার নেই।আবদুল লতিফ নামের একজন বাসিন্দা বলেন, গ্যাসের চুলায় আঁচ না থাকায় তিনি স্টোভ ব্যবহার করছেন। দোকানিরা কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছেন, এক লিটারের দাম নেওয়া হচ্ছে ৭৫ টাকা।২ নম্বর সড়কের গৃহিণী রোখসানা জামান টেলিফোনে জানতে চান, কবে নাগাদ তাঁদের সমস্যার সমাধান হবে?জানতে চাইলে তিতাসের গ্যাসলাইন স্থানান্তর কাজের প্রকল্প পরিচালক আমিনুল হক প্রথম আলোকে বলেন, আন্তসংযোগ কাজের পর পুনরায় লাইন চালু করতে গিয়ে দেখা যায়, কিছু এলাকায় সরবরাহ সম্ভব হচ্ছে না। কারণ তিতাসের গ্যাস সরবরাহের যে নেটওয়ার্ক, ওই লাইনগুলো তার বাইরে। কোনো কোনো লাইন মাটির অন্তত ২০ ফুট গভীরেও আছে। পাইপ অনেক পুরোনো বলে ভেতরে জমাট বেঁধে গেছে। তিনি বলেন, এলাকায় গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা চলছে। যেসব এলাকায় লাইন ভালো, সেগুলোর সঙ্গে সংকট এলাকার সংযোগ দেওয়ার চেষ্টাও হচ্ছে। আশা করা যায়, দুই-এক দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। প্রসঙ্গত. গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসেতু এলাকা থেকে গ্যাসের পাইপলাইন সরানোর জন্য নতুন করে দুই কিলোমিটারেরও বেশি ১৬ ইঞ্চি এবং প্রায় পৌনে তিন কিলোমিটার আট ইঞ্চি পাইপ বসাতে হয়। সেই পাইপের সঙ্গে পুরোনো পাইপের সংযোগ করতে গত ৩১ আগস্ট টিকাটুলী রাজধানী মার্কেটের পূর্বদিকে র‌্যাব-৩ কার্যালয় থেকে সায়েদবাদের পার্শ্ববর্তী জনপদ এলাকা পর্যন্ত, ২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থেকে দোলাইরপাড় এবং ৩ সেপ্টেম্বর ফুলবাড়িয়া সুন্দরবন জুতার মার্কেটের সামনের ক্রসিং পর্যন্ত আন্তসংযোগের কাজ হয়। এই সংযোগজনিত কাজের জন্য প্রতি এলাকায় কমপক্ষে ৩০ থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত গ্যাস ছিল না। কিন্তু বিবিরবাগিচা ও কাজলায় চার দিনেও সংকট কাটেনি।