যাত্রাবাড়ীতে অস্ত্র কেনাবেচায় জড়িত চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গতকাল রোববার সন্ধ্যায় চার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তাঁদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৩০১টি গুলি উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে সিটিটিসি। গ্রেপ্তার চারজন হলেন মো. হোসেন, লাল তন পাংখোয়া, আলী আকবর ও আদিলুর রহমান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার লাল তন পাংখোয়া রাঙামাটির বরকলের সাইচাল পাংখায়োপাড়ার হেডম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বরকল সীমান্তবর্তী মিজোরাম রাজ্য ও বান্দরবানের মিয়ানমার সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে অস্ত্র ও গুলি এনে পাবর্ত্য অঞ্চলসহ কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি করতেন।

গ্রেপ্তার মো. হোসেন সিটিটিসিকে জানান, তিনি লাল তন পাংখোয়া ছাড়াও ঢাকার অস্ত্র ব্যবসায়ী স্বপনসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্র-গুলি কেনেন। আকবর ও আদিলুরের মাধ্যমে কক্সবাজার এলাকার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেগুলো সরবরাহ করতেন।