যাত্রাবাড়ীতে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
যাত্রাবাড়ী থানার পুলিশ গতকাল সোমবার চারটি পিস্তল, ৪৪ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, একটি মোটরসাইকেল ও বেশ কিছু দেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ইকবাল হোসেন (৪২), সুলতান (৩৪) ও সুলতান (২৩)।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের সামনে থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সুলতানকে (৩৪) গ্রেপ্তার করা হয়। পরে সুলতানের দেওয়া তথ্য অনুযায়ী মাতুয়াইলের মাঝপাড়া থেকে ইকবাল হোসেন ও সুলতানকে (২৩) গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে তিনটি পিস্তল, ৪১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ক্ষুর, হাতুড়ি, চাকু, মোটরসাইকেল ও লোহা কাটার দুটি ব্লেড উদ্ধার করা হয়।এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।এদিকে গতকাল সোমবার ভোররাতে কদমতলী থানার ২১২ নতুন জুরাইনের বাসা থেকে একটি সিবিজেড মোটরসাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে।