যাত্রাবাড়ীতে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাসের সংযোগ স্থানান্তরকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত রোববার রাতের ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে তিতাস গ্যাসের লোকজন যাত্রাবাড়ী-মীরহাজিরবাগ এলাকায় গ্যাস সংযোগের কাজ করতে যান। বর্তমান ৮৭ নম্বর ওয়ার্ডে যে গ্যাস-সংযোগটি রয়েছে, সেটি ৮৬ নম্বর ওয়ার্ডে সরিয়ে নিতে তাঁরা সেখানে যান। এতে বাধা দেন ৮৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকার লোকজনের আশঙ্কা, সংযোগ সরিয়ে নেওয়া হলে তাঁদের এলাকায় গ্যাসের চাপ কমে যাবে। এ নিয়ে দুই এলাকার লোকজনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। এতে প্রায় আট-নয়জন আহত হন।৮৭ নম্বর ওয়ার্ডে বাসিন্দা আতিকুর রহমান জানান, ৮৬ নম্বর ওয়ার্ডে গ্যাসের সংযোগ নেই বললেই চলে। আর ৮৭ নম্বর ওয়ার্ডে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়, তা চাহিদার তুলনায় খুবই কম। বর্তমানে ৮৬ নম্বর ওয়ার্ড থেকে সংযোগ দেওয়া হলে উভয় এলাকার বাসিন্দাদের সমস্যা হবে। এতে কেউ ভালোমতো গ্যাস পাবে না। এর পরও ৮৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জোরপূর্বক গ্যাসের সংযোগ নিতে যান।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, তিতাস গ্যাসের লোকজন সংযোগের কাজ বাস্তবায়ন করছেন। ৮৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এই সংযোগ সরিয়ে নেওয়া হলে তাঁদের এলাকায় গ্যাসের চাপ কমে যাবে। তাই তাঁরা বাধা দেন। বিষয়টি মীমাংসা করার জন্য গতকাল ওই এলাকার নেতৃস্থানীয় লোকজনের মধ্যে বৈঠক হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।