যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় গত বুধবার রাতে প্রাইভেটকারের ধাক্কায় শাহজাহান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ গাড়িটি আটক করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটার দিকে শাহজাহান যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক হেঁটে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জানান, নিহত শাহজাহানের বাসা ডেমরার কোনাপাড়ায়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার মজনকান্দি গ্রামে। তিনি ব্যবসা করতেন।এসআই প্রদীপ আরও জানান, দুর্ঘটনার পর গাড়ি রাস্তায় ফেলে রেখে মালিক ও চালক পালিয়ে যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।