যাত্রাবাড়ীতে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকায় হাজেরা বেগম (২৮) নামের এক গৃহবধূ তাঁর সতিনের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হাজেরার সতিন শিউলীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।গত রোববার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ উত্তর যাত্রাবাড়ীর গোরস্তানের পাশের একটি বাড়ি থেকে হাজেরা বেগমের লাশ উদ্ধার করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, বাদল সরকার তাঁর দ্বিতীয় স্ত্রী হাজেরাকে নিয়ে বসবাস করতেন। কয়েক দিন আগে তৃতীয় স্ত্রী শিউলী ওই বাসায় ওঠেন। গত রোববার রাতে দুই সতিনের মধ্যে ঝগড়া হয়। ওই সময় বাদল সরকার বাসায় ছিলেন না। রাতে তাঁরা দুজন একই বাসায় ঘুমান। গভীর রাতে তাঁদের চিত্কার-চেঁচামেচির শব্দ পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। উপপরিদর্শক গিয়াস উদ্দিন একটি দল নিয়ে ঘটনাস্থলে এসে হাজেরাকে মৃত অবস্থায় দেখেন। লাশের গলায় লাল রঙের একটি ওড়না জড়ানো ছিল। হাজেরাকে হত্যার কথা স্বীকার করলে ঘটনাস্থল থেকে শিউলীকে গ্রেপ্তার করা হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, শিউলী তাঁর সতিন হাজেরাকে হত্যার কথা আদালতেও স্বীকার করেছেন।হাজেরার বোন আয়েশা আক্তার বাদী হয়ে শিউলীকে আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। নিহত গৃহবধূর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মালংচড়া গ্রামে।