যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় আহত সবজি বিক্রেতার মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় আহত সবজি বিক্রেতা আবদুর রহিম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত আবদুর রহিম ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল গ্রামের বাসিন্দা। তাঁর চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাতিজা মো. মনির বলেন, তাঁর চাচা রাজধানীর সবুজবাগের বৌদ্ধ মন্দির এলাকায় সবজি বিক্রি করতেন। শনিবার দিবাগত রাতে সবজি কিনতে যাত্রাবাড়ী আড়তে যাচ্ছিলেন। পথে গোলাপবাগ মোড়ে সিমেন্টবোঝাই একটি ট্রাক তাঁর ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতার আহত হন আবদুর রহিম। পরে তাঁকে উদ্ধার করে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরদার বলেন, এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।