যাত্রাবাড়ীতে দুই ‘কিশোর গ্যাংয়ের’ দ্বন্দ্বে প্রাণ গেল স্কুলছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে কয়েকজন কিশোরের পিটুনিতে রিয়াদ আহমেদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে হামলায় গুরুতর আহত হয়ে রিয়াদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার রাতে সে মারা যায়। এ ঘটনায় শুক্রবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। জড়িত সন্দেহে সাব্বির নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

পরিবার জানায়, রিয়াদ পরিবারের সঙ্গে ধলপুর এলাকার কোল্ড স্টোরেজ গলিতে থাকত। স্থানীয় বিবির বাগিচা এলাকার সবুজ বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সে ধলপুরের বাঁশপট্টি এলাকা দিয়ে বাসায় ফিরছিল। এর আগে সেখানে ‘কিশোর গ্যাং’ সাব্বির গ্রুপের সঙ্গে আরেকটি কিশোর গ্রুপের মারামারি হওয়ায় উত্তেজনা বিরাজ করছিল। রিয়াদকে দেখে প্রতিপক্ষ ভেবে রড দিয়ে পেটানো হয়। পরে তারা বুঝতে পারে, রিয়াদ তাদের প্রতিপক্ষ নয়। তখন তারা রিয়াদকে পানি খাওয়ায় এবং ঘটনাটি কাউকে না জানাতে অনুরোধ করে। রিয়াদ কাউকে জানায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে রিয়াদ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রিয়াদের ভগ্নিপতি এস এম আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এলাকার দুই বখাটে গ্রুপের দ্বন্দ্বের জেরে রিয়াদকে খুন করা হলো। অথচ কোনো গ্রুপেই ছিল না রিয়াদ। রিয়াদ গুরুতর আহত হলেও বিষয়টি প্রথমে পরিবারকে জানায়নি।
পারিবারিক সূত্র জানায়, রিয়াদের বাবা শুক্কুর আলী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। তাঁর দুই ছেলে দুই মেয়ের মধ্যে রিয়াদ ছিল সবার ছোট। গ্রামের বাড়ি গোপালগঞ্জে। এ ঘটনায় রিয়াদের বড় ভাই রায়হান আহমেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেছেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবুল খালেক বলেন, বিষয়টি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হয়। ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে পুরো ঘটনাটি সম্পর্কে জানা যায়। এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।