যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের হাতে গৃহবধূ খুন
রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে দুর্বৃত্তদের হাতে রেখা বেগম (৪০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত নয়টার দিকে পুলিশ ৪০৪ মীরহাজিরবাগের বাসা থেকে রেখা বেগমের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রেখার স্বামী আবুল বাশার জানান, তিনি ধূপখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি স্কুল থেকে জরুরি কাজে বোর্ড অফিসের দিকে রওনা হন। চানখাঁরপুল এলাকায় পৌঁছামাত্র তাঁর স্ত্রীর মুঠোফোন থেকে একটি কল আসে। তিনি ফোনের অপর প্রান্ত থেকে স্ত্রীর কণ্ঠ ছাড়াও কয়েকজন পুরুষ লোকের কণ্ঠ শুনতে পান। তখন চিৎকার-চেঁচামেচির কারণে রেখার কথা তিনি বুঝতে পারেননি। তিনি বলেন, দুর্বৃত্তরা বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে রেখাকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করে। পরে লাশটি শৌচাগারে ফেলে রেখে বাইরে থেকে ছিটকানি লাগিয়ে চলে যায়। আবুল বাশার জানান, তিনি অনেকের কাছে টাকা পান। সে কারণে তাঁর স্ত্রীকে হত্যা করা হতে পারে বলে তিনি মনে করছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান, রেখা বেগমের মৃত্যুর পর পরিবারের ধারণা ছিল, হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। পরে দাফনের জন্য গোসলের সময় শরীরে ক্ষতচিহ্ন দেখতে পেলে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। তখন তারা পুলিশে খবর দেয়। ওই দিন রাত নয়টার দিকে তাঁরা লাশটি উদ্ধার করে থানায় নেন। তিনি ধারণা করছেন, টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করতেই রেখা বেগমকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।