যাত্রাবাড়ীতে নারী খুনের মামলায় কাঠমিস্ত্রি গ্রেপ্তার
যাত্রাবাড়ীর রসুলপুরে ননদকে হত্যার পর ভাবিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলাল নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানা-পুলিশ জানিয়েছে, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে রসুলপুরের একটি বাসা থেকে শিল্পী বেগম নামে এক নারীর মরদেহ ও গুরুতর আহত অবস্থায় শিল্পীর ভাবি পারুলকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, গত শুক্রবার শিল্পী ও পারুল ওই বাসায় ভাড়াটে হিসেবে ওঠেন। নতুন বাসায় ওঠার পর তাঁদের কাঠের শোকেসের মেরামতকাজ ও রং করানোর জন্য স্থানীয় কাঠমিস্ত্রি দুলালের সঙ্গে তাঁদের মৌখিক চুক্তি হয়। সে অনুযায়ী পরদিন রাত সাড়ে আটটার দিকে কাঠের কাজ করার সরঞ্জামাদি নিয়ে দুলাল ওই বাসায় যান। কাজের দর-কষাকষি নিয়ে শিল্পী বেগমের সঙ্গে দুলালের তর্ক হয়। একপর্যায়ে দুলাল তাঁর ব্যাগে থাকা ধারালো ছুরি দিয়ে শিল্পী বেগমের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শিল্পী মারা যান। এ সময় পাশের কক্ষ থেকে শিল্পীর ভাবি পারুল ঘটনাটি জানার জন্য এগিয়ে এলে দুলাল সেই ছুরি দিয়ে পারুলকেও এলোপাতাড়ি আঘাত করেন। এতে তাঁর মাথা, মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে দুলাল পারুলের হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে হাজির করা হবে।