যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়া ইটের আঘাতে নারীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়া ইটের আঘাতে হনুফা বেগম (৩৬) নামের এক নারী মারা গেছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, হনুফা বেগম সপরিবার শেখদীর কাজীরগাওঁয়ে থাকতেন। তাঁর স্বামীর নাম লিটন মিয়া, তিনি পেশায় রাজমিস্ত্রি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিটন মিয়া প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁর স্ত্রী হনুফা বাসা থেকে বেরিয়ে শেখদী মসজিদের পূর্বপাশে রাস্তা দিয়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন। এ সময় পাশের সাততলা ভবন থেকে একটি ইট হনুফার মাথায় পড়ে। এতে তিনি অচেতন হয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় হনুফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসক হনুফাকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে। হনুফার বাড়ি গাইবান্ধার সদর উপজেলার গোয়ালবাড়ীতে।