যাত্রাবাড়ীতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার একটি বাসায় স্বামী, শাশুড়ি ও ভাশুরের নির্যাতনে তাসলিমা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, কন্যাসন্তান জন্ম নেবে বিষয়টি জেনে যাওয়ায় তাসলিমার ওপর তাঁর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের মাত্রা বেড়ে যায়। আর এতেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ স্বামী মোহাম্মদ সোহেল ও শাশুড়ি আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে পুলিশ যাত্রাবাড়ী থানার উত্তর মাতুয়াইলের একটি বাড়ির মেঝে থেকে তাসলিমার মৃতদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।নিহত তাসলিমার ছোট ভাই আকিবুর রহমান জানান, স্মৃতি নামে তাসলিমার আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তাসলিমা বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। শ্বশুরবাড়ির লোকজন আলট্রাসনোগ্রাফির মাধ্যমে কন্যাসন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ কারণে চার-পাঁচ দিন ধরে তাঁরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন। এতে তার মৃত্যু হয়। ডেমরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মুরাদ আলী প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের জের ধরে তাসলিমার মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস বলেন, তাসলিমার স্বামী সোহেল ও শাশুড়ি আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।