যাত্রাবাড়ীতে পিটিয়ে যুবক হত্যা পল্টনে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গত শনিবার রাতে জহিরুল ইসলাম ওরফে জহির (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত জহির দিনমজুরের কাজ করতেন। অপরদিকে পল্টনে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।জহিরের পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাত নয়টার দিকে তিনি রায়েরবাগ হাসেম রোডে আজিমের দোকানে ক্যারম খেলার জন্য যান। খেলার একপর্যায়ে বন্ধুদের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। রাত ১০টার দিকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ওই দোকান থেকে জহিরকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।নিহতের বোন হেনা বেগম ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে উপস্থিত সাংবাদিকদের জানান, রাতে লোকমুখে খবর পেয়ে তাঁরা হাসপাতালে ছুটে গিয়ে দেখেন সন্ত্রাসীরা জহিরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। কী কারণে জহিরকে হত্যা করা হয়েছে তা তিনি বলতে পারেননি। নিহত জহিরের বাবা মো. শাহজাহান। গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তিন ভাই, তিন বোনের মধ্যে জহির তৃতীয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।এদিকে গত শনিবার রাত দুইটায় পুরানা পল্টন লাইনের ৭০ নম্বর বাড়ির সামনে থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোরের বয়স আনুমানিক ১৪ বছর। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহতের পরনে গোলাপি রঙের গেঞ্জি ও কালো রঙের ফুল প্যান্ট ছিল।