যাত্রাবাড়ীতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে মঙ্গল মিয়া (২০) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার সকালে পুলিশ তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, সকাল নয়টার দিকে যাত্রাবাড়ীর ডলফিন গলিসংলগ্ন অপর একটি গলি থেকে মঙ্গল মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে রাখে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এক বছর আগে মঙ্গল মিয়া যাত্রাবাড়ীর ধলপুরে একটি কেব্ল টিভি সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখান থেকে চাকরিচ্যুত হওয়ার পর এলাকায় চুরি-চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন তিনি। মঙ্গলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। সন্ত্রাসী চক্রের অন্তঃকোন্দলের জেরে তিনি খুন হতে পারেন। ঘটনার তদন্ত চলছে।তবে পুলিশের এ বক্তব্য অস্বীকার করেছেন মঙ্গল মিয়ার বাবা মো. ইসলাম। তিনি বলেন, তাঁর ছেলে সন্ত্রাসী ছিলেন না। বেতন না বাড়ানোয় তিনি ধলপুরের ওই প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেন। পরে প্রতিষ্ঠানের মালিক রশিদ একটি চাঁদাবাজির মামলা করেন মঙ্গলের বিরুদ্ধে। ওই মামলায় মঙ্গল এক মাস জেল খেটে জামিনে মুক্ত হন। এরপর মঙ্গল তেমন কিছু করতেন না। উত্তর যাত্রাবাড়ীতে তাঁর খালার বাসায় থাকতেন।ইসলাম অভিযোগ করেন, গত শুক্রবার রাত ১১টার দিকে মঙ্গলকে বাসা থেকে ডেকে নিয়ে যান রশিদ। এরপর গতকাল সকালে ছেলের হত্যার খবর জানতে পারেন তিনি।অভিযোগের বিষয়ে জানতে চেষ্টা করেও রশিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।তবে রশিদের বিষয়ে মঙ্গলের বাবার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি কে এম আবুল কাশেম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ শুনিনি। মঙ্গলের পরিবার গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় কোনো মামলাও করেনি।’