যাত্রাবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল মঙ্গলবার মিজানুর রহমান (২৮) নামে এক মাদকাসক্ত যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ছাড়া গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন মারা গেছে। মিজানুরসহ চারজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মিজানুরের মা মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, সকাল ১০টার দিকে কতুবখালীর বাসা থেকে বের হন মিজানুর। এরপর খবর পেয়ে তিনি (মমতাজ) বাসার অদূরে গিয়ে দেখেন, চারদিকে মানুষের ভিড় আর মাঝখানে মিজানুর রক্তাক্ত অবস্থায় অচেতন অবস্থায় পড়ে আছেন। এ সময় কয়েকজন তাঁকে বলেন, মিজানুরকে পেটানো হয়েছে। আবার কেউ বলেন, গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন। পরে তিনি ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে মিজানুর দ্বিতীয়। তিনি বেকার ও মাদকাসক্ত ছিলেন। যাত্রাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, মিজানুরের হাঁটু ও হাতে গুরুতর জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। সড়ক দুর্ঘটনা: পল্লবী থানার ওসি সাহাবুদ্দিন খলিফা বলেন, সকাল নয়টার দিকে মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. সজীব (১১) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় কাজ করত। বাসা থেকে ১০০ গজ দূরে বুটিকের একটি দোকানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। এদিকে সোমবার রাত ১১টার দিকে বিমানবন্দর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন ভ্যানচালক নূরুল ইসলাম (৩০) ও এর আরোহী আক্কাছ মোল্লা (৭০)। ঘটনার পর আবদুল্লাহপুর থেকে বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। বিমানবন্দর থানার এসআই নাছির উদ্দিন বলেন, আক্কাছ মোল্লা বাড্ডার নতুন বাজারের একটি বাড়ির তত্ত্বাবধায়ক। তিনি ওই বাড়িতেই থাকতেন। বাড়ির মালিকের আলমারি কিনতে একই এলাকার ভ্যানচালক নূরুল ইসলামকে নিয়ে তিনি নিকুঞ্জ গিয়েছিলেন। আলমারি কিনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নূরুলের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চৈতনকান্দা গ্রামে। আর আক্কাছ মোল্লার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।