যাত্রাবাড়ীতে শতাধিক অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) দুর্নীতিবিরোধী স্পেশাল টাস্কফোর্স যাত্রাবাড়ীতে শতাধিক অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেছে। গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ীর সামাদ সুপার মার্কেটে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগের সন্ধান পায় টাস্কফোর্স।
অভিযানের সময় টাস্কফোর্স দেখতে পায়, মার্কেটের কাছে একটি জেনারেটর বসিয়ে তাতে বেআইনিভাবে তিনটি ফিডার থেকে ডিপিডিসির বিদ্যুৎ-সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছিল। এভাবে শতাধিক গ্রাহককে জেনারেটরের সঙ্গে যুক্ত করে বিদ্যুৎ বিল আদায় করা হতো। মো. সেলিম নামের এক ব্যবসায়ী মাসিক ৫০০ থেকে ৩৫০০ টাকা হারে বিল নিতেন।
দৈনিক ৬-৮ ঘণ্টা ডিপিডিসির অবৈধ সংযোগ ব্যবহার করে এ বিদ্যুৎ সরবরাহ করা হতো। ডিপিডিসির টাস্কফোর্স অভিযানে জেনারেটরটি জব্দ করে শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। পলাতক ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় দুই লাখ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে।
এ প্রসঙ্গে ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, চুরি করা এ বিদ্যুতের মূল্য কড়ায়-গন্ডায় আদায় করা হবে এবং অপরাধীকে কঠোর শাস্তি দেওয়া হবে। ডিপিডিসির কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।