যাত্রাবাড়ীতে সরকারি কর্মচারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে নিজের নির্মাণাধীন ভবন থেকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী সাজ্জাদ হোসেন খানের (৫২) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে তাঁকে খুন করা হয়েছে।নিহত সাজ্জাদ খানের ছেলে আক্তারুজ্জামান খান বলেন, সোমবার রাত আটটার দিকে এক ব্যক্তি তাঁদের মাতুয়াইল দক্ষিণপাড়ার বাসা থেকে তাঁর বাবাকে ডেকে নিয়ে যান। ওই সময় তিনি তাঁর ছোট বোনকে নিয়ে বাসার বাইরে ছিলেন। পরে জানতে পারেন, ওই লোকের সঙ্গে তাঁর বাবা নির্মাণাধীন ভবন দেখতে গেছেন। কিন্তু অনেক রাত পর্যন্ত তিনি বাসায় ফিরে না এলে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১১টার দিকে ভবনের দোতলায় একটি স্থানে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।আক্তারুজ্জামান বলেন, তাঁরা দুই বোন ও এক ভাই। সবাই পড়াশোনা করে। তিনি নিজে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ছেন বলে জানান।মর্গ সূত্র জানায়, নিহত ব্যক্তির শরীরে ২৭টি ছুরিকাঘাত রয়েছে। ডেমরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মুরাদ আলী জানান, পারিবারিক দ্বন্দ্ব নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত সাজ্জাদের ছেলে আক্তারুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীর নামে মামলা করেন।রিকশাচালকের লাশ উদ্ধাররাজধানীর শ্যামপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জুরাইন এলাকার একটি পুকুর থেকে আবদুল কুদ্দুস মোল্লা (৫৫) নামে এক রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, আবদুল কুদ্দুস একজন মাদকসেবী ছিলেন। দুই বছর আগে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তিনি ১৭ মাস কারাগারে ছিলেন। তিনি পশ্চিম জুরাইন এলাকার সিরাজের গ্যারেজের রিকশা চালাতেন এবং সেখানেই থাকতেন। অতিরিক্ত নেশার কারণে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।মাদ্রাসাছাত্রের মৃত্যুগতকাল সকালে মাতুয়াইলের উসমান ইবনে আফ্ফান মাদ্রাসা ও এতিমখানার আহত ছাত্র নাসির উদ্দীনের (৮) মৃত্যু হয়েছে। মাদ্রাসার শিক্ষক মাহমুদ হাসান জানান, সোমবার বিকেলে মাদ্রাসার ফটক ধরে খেলার সময় সেটি নাসিরের ওপর খুলে পড়লে সে আহত হয়। এরপর ওকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল নয়টার নাসিরের মৃত্যু হয়। নাসিরের বাবার নাম বশির উদ্দীন।