যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর ঘটনায় চালক রিমান্ডে
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহতের মামলায় গাড়িচালককের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামি হলেন সেন্ট মার্টিন পরিবহনের চালক দেলোয়ার হোসেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
এসআই শাহ আলম বলেন, মাতুয়াইলে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহতের মামলায় পুলিশ বাসচালক দেলোয়ার ও চালকের সহকারী কোরবান আলীকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে দেলোয়ারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি কোরবানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শুক্রবার সকাল মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন আবদুর রহমান (৬০), তাঁর মেয়ে শারমিন বেগম (৩৮) ও মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)। এ ঘটনায় শারমিনের মেয়ে বৃষ্টি (৬) ও অটোরিকশাচালক রফিক (৪২) আহত হন।
এ ঘটনায় নিহত তিনজনের স্বজন নজরুল ইসলাম বাদী হয়ে সেন্ট মার্টিন পরিবহনের গাড়িচালকসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সড়ক পরিবহন আইনে মামলা করেন। ওই মামলায় গতকাল মানিকগঞ্জ থেকে গাড়িচালক দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। আর যাত্রাবাড়ী থেকে চালকের সহকারী কোরবানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আদালতে প্রতিবেদন দিয়ে বলেছে, সেদিন মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ইউটার্ন নেওয়ার সময় অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস সেন্ট মার্টিন পরিবহনের চালক।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।