যাত্রাবাড়ীতে ১০ বছরের শিশু হত্যা, যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় নিপসন (১০) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ খাইরুল খান নামে এক যুবককে আটক করেছে। জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে পুলিশ মাতুয়াইল খইরাপাড়ার বাসার প্রায় ১০০ গজ দূরের একটি ডোবা থেকে নিপসনের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) মোক্তার হোসেন প্রথম আলোকে জানান, গত শনিবার রাত আটটার দিকে নিপসন তার মায়ের কাছে ভাত খেতে চায়। মা ভাত দেওয়ার ফাঁকে সে নিখোঁজ হয়। সারা রাত খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।এস আই মোক্তার আরও জানান, আবুল হোসেন ছেলের খোঁজে মসজিদে যাওয়ার পথে খাইরুল নামে স্থানীয় এক যুবক নিপসনের বাবাকে বলেন, ‘তোর ছেলের খোঁজ পাওয়া গেছে, উত্তর ভিটার দিকে যা।’ এ কথা শোনার পর আবুল হোসেন ছেলের খোঁজে সেখানে ছুটে যান। কিন্তু ছেলেকে খুঁজে না পেয়ে আবার খাইরুলের কাছে ফিরে আসেন। তখন খাইরুল নিজে গিয়ে ওই ডোবা দেখিয়ে দেন। ডোবার পাশে নিপসনের একটি স্যান্ডেল পাওয়া যায়। এস আই মোক্তার বলেন, খবর পেয়ে তাঁরা ডোবা থেকে লাশটি উদ্ধার করেন। তিনি বলেন, ঘটনার পর খাইরুলকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। নিপসনের বাবা একজন দিনমজুর। তাঁদের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। নিপসনের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।