যাত্রাবাড়ীতে ২৫ লাখ টাকা লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সরনির মেসার্স আবুল খায়ের ট্রেডার্সে তিনজনকে গুলি করে ২৫ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া টাকার কিছু অংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত বুধবার গভীর রাতে সাইদুল ইসলাম নামে এক তরুণকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে লুট হওয়া মোবাইল ফোনসেট উদ্ধার করে। পরে তাঁর স্বীকারোক্তিমূলক তথ্য অনুযায়ী পুলিশ শাহজাহান ও রফিক নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী মানিক নামে এক সন্ত্রাসীর বাসায় তল্লাশি চালিয়ে তিন লাখ ৫০০ টাকা উদ্ধার করা হয়। তাঁরা পুলিশকে জানান, ঘটনার কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন রাজা, মোস্তফা ও শাহজাহান। সুযোগ বুঝে ওই দিন তাঁরা আবুল খায়ের ট্রেডার্সে হামলা চালান। ওই ঘটনায় দোকান মালিক আবুল খায়ের, তাঁর জামাতা আরশেদ আলী ও দোকান কর্মচারী মকবুল হোসেন গুলিবিদ্ধ হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুরাদ আলী প্রথম আলোকে বলেন, ডাকাতিতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে লুট হওয়া টাকার কিছু উদ্ধার করা হয়। শিগগিরই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি টাকা উদ্ধারে তাঁরা কাজ করছেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুপুর দুইটার দিকে সাত-আটজন দুবৃত্ত যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সরনির মেসার্স আবুল খায়ের ট্রেডার্স নামের পাইকারি মুদির দোকানে ঢুকে পিস্তল ও রিভলবার বের করে দোকানের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা দোকান মালিকসহ তিনজনকে গুলি করে ক্যাশ থেকে ২৫ লাখ টাকা লুট করে।