যাত্রাবাড়ীর ব্যবসায়ী লিটন হত্যার তদন্ত থেমে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ সত্ত্বেও যাত্রাবাড়ীর ওষুধ ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে লিটন হত্যা মামলার তদন্ত প্রায় এক বছর ধরে থেমে আছে। পরিবারের অভিযোগ, শুরু থেকেই থানার পুলিশ, ডিবি ও সিআইডি আসামিদের পক্ষ নিয়েছে। রহস্যজনক কারণে তাঁরা তদন্তও বন্ধ করে রেখেছেন। মাহবুবুরের পরিবারকে এখন আসামিরা হত্যা ও অপহরণের হুমকি দিচ্ছেন বলে তাঁরা অভিযোগ করেন। ২০০৭ সালের ২৯ আগস্ট উত্তর যাত্রাবাড়ীর নিজ বাসায় সন্তানের সামনে খুন হন মাহবুবুর রহমান। ভাই মতিউর রহমান বাদী হয়ে মাহবুবুর রহমানের সাবেক স্ত্রী বছিরুন নেছাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত করেন যাত্রাবাড়ী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আখিরুজ্জামান। তদন্ত কর্মকর্তা মামলা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন—এমন অভিযোগে বাদীপক্ষের আবেদনের পর মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ডিবির তদন্ত কর্মকর্তা আবু সাইদ মামলা ঠিকমতো তদন্ত করেননি—এমন অভিযোগে দ্বিতীয় দফায় আবেদনের পর মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা এরশাদ আলী তদন্ত শেষে মামলার অভিযোগপত্র থেকে আটজনের নাম বাদ দেন। এতে বাদী আদালতে নারাজি আবেদন জানালে আদালত মামলা পুনঃ তদন্তের আদেশ দেন। কিন্তু আদালতের আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ রিভিশন মামলা করে। এর পর থেকে বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মাসুদুর রহমান এক বছর ধরে তদন্ত বন্ধ করেন। জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘রিভিশন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুই করতে পারছি না।’ তবে বাদীপক্ষের আইনজীবী নজিবুল্লাহ বলেন, রিভিশন মামলা হলেও তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ নেই। তাই তদন্তকাজ চালানোর ক্ষেত্রে আইনগত বাধা নেই। আসলে এটা তদন্ত কর্মকর্তার খামখেয়ালিপনা। আইনজীবীর বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মাসুদুর রহমান বলেন, ‘মামলার নথিপত্র পাইনি বলে তদন্ত করতে পারছি না।’ নথিপত্র কোথায় জানতে চাইলে মাসুদুর বলেন, ‘সবকিছু আদালতে’। হুমকি-ধামকির ব্যাপারে তিনি বলেন, ‘তদন্ত শুরু করার পর এ ব্যাপারে ব্যবস্থা নেব।’ মামলার বাদী মতিউর রহমান অভিযোগ করেন, স্ত্রী বছিরুনের পরিকল্পনায় পাঁচ লাখ টাকার চুক্তিতে তাঁর ভাই মাহবুবুরকে হত্যা করে দুর্বৃত্তরা। বছিরুনসহ গ্রেপ্তার হওয়া কয়েক জন আসামি জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনা ও হত্যার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়া আসামিরা এ ব্যাপারে গণমাধ্যমে স্বীকারোক্তিও দিয়েছেন। কিন্তু তদন্ত কর্মকর্তাদের অসাধুতা ও পক্ষপাতিত্বের কারণে প্রমাণ থাকা সত্ত্বেও চার বছরে তদন্ত শেষ হয়নি। মতিউর রহমান অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে সবাই জামিনে বের হয়ে এসেছেন। এখন তাঁরা হত্যা ও মাহবুবুর রহমানের সন্তানকে অপহরণের হুমকি দিয়ে যাচ্ছেন। বাদী মতিউর বলেন, হুমকি-ধামকির ব্যাপারে বিভিন্ন সময়ে থানায় করা সাধারণ ডায়েরিসহ (জিডি) মামলার সব কাগজপত্র সিআইডিতে জমা দেওয়া আছে। এর পরও তদন্ত শুরু করা হচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, সিআইডির সাবেক পরিদর্শক এরশাদ আলী বর্তমানে অবসরে। তদন্তকারী কর্মকর্তা আখিরুজ্জামান ও আবু সাইদ বিভিন্ন স্থানে বদলি হয়েছেন।