যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের সংস্কার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দে ভরা যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কটি আড়াই বছর পর সংস্কার শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন৷ ছবিটি গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো
খানাখন্দে ভরা যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কটি আড়াই বছর পর সংস্কার শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন৷ ছবিটি গত সোমবার বিকেলে তোলা l প্রথম আলো

অবশেষে খানাখন্দে ভরা যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের একাংশের সংস্কারকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে সীমিত আকারে এই সংস্কারকাজ শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁরা জানিয়েছেন, প্রায় আড়াই বছর এই সড়ক ব্যবহারের অনুপযোগী ছিল৷ এখন মাত্র এক-তৃতীয়াংশের কাজ শুরু হয়েছে৷ কবে নাগাদ বাকি অংশের কাজ শুরু হবে, তা জানতে চেয়েছেন তাঁরা৷ এলাকাটি ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
২০ জুন ‘যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক যান চলাচলের অনুপযোগী’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপানো হয়েছিল৷ এই প্রতিবেদন প্রকাশের দুই দিন পরই সংস্কারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খান৷ তিনি প্রথম আলোকে বলেন, গত সোমবার সড়কের দক্ষিণাংশের সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে৷ সড়কটি সংস্কার করায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ কমবে৷ আগে সড়কটি ভাঙাচোরা থাকায় প্রায় সময়ই দুর্ঘটনা ঘটত৷ সড়কে বৃষ্টি হলেই কাদা-পানিতে সয়লাব হয়ে যেত।
সোমবার সরেজমিনে দেখা যায়, শহীদ ফারুক সড়কের যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ সীমানা পর্যন্ত সড়কের দক্ষিণ অংশের সংস্কারকাজ চলছে৷ এতে কাজ করছেন ৮ থেকে ১০ জন শ্রমিক৷ তবে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে টনি টাওয়ার পর্যন্ত ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে৷ সড়কের উত্তর পাশ ও যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দয়াগঞ্জ বাজার পর্যন্ত সড়কে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই অংশে নির্মাণকাজের কোনো আলামত দেখা যায়নি৷ সড়কের এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে। গর্তে পড়ার আশঙ্কায় ধীরগতিতে চলছে যানবাহন। সড়কের শুষ্ক অংশে উড়ছে ধুলাবালি, লেগে আছে যানজট৷
যাত্রাবাড়ীর স্থানীয় বাসিন্দা রবিউল আলম বলেন, আড়াই বছর পর সড়কটির মাত্র একাংশের সংস্কারকাজ শুরু হয়েছে৷ পুরো সড়কটি কবে নাগাদ সংস্কার হবে, তা জানা নেই৷ এই সড়কটি খানাখন্দে ভরে থাকায় সারা বছরই মহল্লার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়৷