যাত্রাবাড়ীর সব সড়ক ময়লা-আবর্জনায় ভরা
যাত্রাবাড়ীর সব সড়ক ও ফুটপাত ময়লা-আবর্জনায় ভরা৷ স্থানীয় লোকদের অভিযোগ, এই এলাকায় রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার করেন না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা। এতে সব সড়কে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে আছে।
যাত্রাবাড়ী এলাকাটি ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের আওতাধীন। পশ্চিম যাত্রাবাড়ী, উত্তর-পশ্চিম যাত্রাবাড়ী, উত্তর যাত্রাবাড়ী, দক্ষিণ-পূর্ব যাত্রাবাড়ী, দক্ষিণ যাত্রাবাড়ী, শহীদ ফারুক সড়ক ও ওয়াপদা কলোনি নিয়ে এই ওয়ার্ড গঠিত।
জানতে চাইলে এই ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, এই ওয়ার্ড পরিষ্কার রাখতে ডিএসসিসির ৫১ জন পরিচ্ছন্নতা কর্মী আছেন। কিন্তু এর মধ্যে ১০ থেকে ১৫ জন কর্মী নিয়মিত কাজে অংশগ্রহণ করেন না। বাকিরাও ঠিকমতো কাজ করেন না বলে অভিযোগ রয়েছে৷ এতে সড়কে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকে। বিষয়টি ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। তিনি বলেন, এই ওয়ার্ডে আরও পরিচ্ছন্নতা কর্মী দরকার। এই অল্পসংখ্যক কর্মী দিয়ে পুরো ওয়ার্ড পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। পরিচ্ছন্নতা কর্মী চেয়ে ডিএসসিসিতে আবেদন করা হয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ীর সব সড়কে ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ডেমরা রোড, যাত্রাবাড়ী চৌরাস্তা, ফরিদাবাদ, ওয়াসা রোড এবং মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের সড়কে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে রয়েছে৷ দ্রুত গতিতে যানবাহন চললেই ধুলাবালিতে পুরো এলাকা ধোঁয়ার মতো ঢেকে যায়। ধুলাবালির কারণে সড়কের আশপাশের বাসা-বাড়ির দরজা-জানালা বন্ধ করে রেখেছেন বাসিন্দারা। আবর্জনা পচে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। অধিকাংশ দোকানি মাস্ক পরে দোকানে বসে আছেন। পথচারীরা ধুলাবালি ও দুর্গন্ধ থেকে বাঁচতে নাক-মুখ ঢেকে চলছেন। এলাকাগুলোতে কোনো পরিচ্ছন্নতা কর্মী দেখা যায়নি। ফুটপাতে রাখা অধিকাংশ ময়লার পাত্র (ওয়েস্ট বিন) খালি।
শহীদ ফারুক সড়কের বাসিন্দা মোজ্জামেল হক বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে আছে। পচা আবর্জনার দুর্গন্ধ ও ধুলাবালির কারণে মহল্লার মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হচ্ছে। এই এলাকায় চলাচলকারী মানুষের চোখে ধুলাবালি পড়ে, চোখ থেকে পানি ঝরতে থাকে এবং তাৎক্ষণিকভাবে চোখ লাল হয়ে যায়। এতে দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা থাকে।
উত্তর যাত্রাবাড়ীর বাসিন্দা মহিউদ্দিন আহমেদ বলেন, সপ্তাহে তিন দিন সড়ক পরিষ্কার করলে বাকি চার দিনই ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের দেখা যায় না। ধুলাবালির কারণে সড়কের দিকের দরজা-জানালা খোলা যায় না। সড়কে হাঁটলেই ধুলাবালিতে গা ঘিনঘিন করে। বাতাসে ময়লার দুর্গন্ধ থেকে বাঁচতে নাক-মুখ চেপে চলতে হয়।