বাস বন্ধ রেখে যেসব পরিবহন যাত্রীদের হয়রানি করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।গতকাল বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে এক সমাবেশে বাসদের নেতারা এ দাবি জানান। এর আগে তোপখানায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার এবং যাত্রী হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।বাসদের নেতারা বলেন, পরিবহন খাতে নৈরাজ্য চলছে। সিএনজির মূল্যবৃদ্ধিকে অজুহাত করে বাসের মালিকেরা ভাড়া বাড়িয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছেন। তাঁদের অভিযোগ, বিআরটিএ রাজধানীতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে সাত টাকা। কিন্তু কাউন্টার বাসগুলো অনেক আগে থেকেই যাত্রীদের কাছ থেকে সর্বনিম্ন ভাড়া নিচ্ছে আট টাকা। এখন সাত টাকার জায়গায় জোর করে ১২ টাকা আদায় করছে।বাসদের নেতারা অভিযোগ করেন, বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দূরত্ব বেশি দেখিয়ে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন কোম্পানিগুলো। সমাবেশে বাসদের নেতা বজলুর রশীদ, রাজেকুজ্জামান রতন, জুলফিকার আলী, খালেকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।