যাত্রীকে অজ্ঞান করে টাকা নেওয়ার সময় যুবককে গণপিটুনি
রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত বাসে মাসুদুর রহমান (৩৫) নামের এক যাত্রীকে অজ্ঞান করে তাঁর কাছ থেকে টাকা নেওয়ার সময় অজ্ঞান পার্টির এক সদস্য গণপিটুনির শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। বাসযাত্রী মাসুদুর রহমান ও অজ্ঞান পার্টির ওই সদস্যকে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তানের একটি জুতার দোকানের কর্মচারী মাসুদুর রহমান উত্তরা থেকে বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। তেজগাঁও থানার সামনে পৌঁছালে যাত্রীরা দেখতে পান, মাসুদুর রহমান আসনে অজ্ঞান হয়ে পড়ে আছেন আর এক লোক তাঁর শার্ট ও প্যান্টের পকেটে হাত ঢোকাচ্ছে। যাত্রীরা অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে তাকে বেধড়ক পেটায়। খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ অচেতন মাসুদকে উদ্ধার করে এবং গণপিটুনিতে আহত যুবককে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।তেজগাঁও থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, গণপিটুনির শিকার ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার কাছ থেকে কয়েক কৌটা মলম উদ্ধার করা হয়েছে।