যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতে চান না চালকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মনঃপূত’ ভাড়া পেয়ে রাজধানীতে অধিকাংশ সিএনজিচালিত অটোরিকশাচালক মিটারে চলছেন। তবে যাত্রীদের চাহিদামতো গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে অনীহা অধিকাংশ চালকের। এ ছাড়া অটোরিকশার অনেক মালিকের বিরুদ্ধে বাড়তি জমা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গতকাল মঙ্গলবার রাজধানীতে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালতগুলো মোট ৭১টি মামলা করেন। জরিমানা আদায় করেন ৭৭ হাজার ১০০ টাকা। ১২টি যান জব্দ করা হয়। একজন চালককে কারাদণ্ড দেওয়া হয়।
বিআরটিএ সূত্র জানায়, গতকাল সাতজন চালক তাঁদের অটোরিকশা নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালতে এসে অভিযোগ করেন, মালিক তাঁদের কাছ থেকে জমা বেশি নেচ্ছেন। সবুজবাগের এক মালিক দৈনিক ১ হাজার ১০০ টাকা নিচ্ছেন। অথচ সরকার-নির্ধারিত জমা ৯০০ টাকা। ফলে তাঁদের জন্য মিটারে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। পরে আদালত সাতটি অটোরিকশা জব্দ করেন বলে জানিয়েছেন সেখানকার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশশেরুল ইসলাম।
যাত্রীদের চাহিদামতো গন্তব্যে যেতে রাজি না হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা সত্য। তাঁরা ব্যবস্থা নিচ্ছেন। বিকেলের পর ভ্রাম্যমাণ আদালত বন্ধ হয়ে গেলে এটা বেড়ে যায়। অটোরিকশার গায়ে থাকা নম্বরে পুলিশকে ফোন দিলে ত্বরিত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ খোকন বলেন, তেজগাঁও এলাকায় একটি গ্যারেজ থেকে চলা ৩৯টি অটোরিকশার মালিক প্রতিটির জন্য দৈনিক দেড় হাজার টাকা জমা আদায় করছেন। এর প্রতিকার চেয়ে গতকাল তিনি বিআরটিএতে একটি চিঠি দিয়েছেন।
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির একটি প্রতিনিধিদল গত দুই দিন রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখেছে, ৯২ শতাংশ চালক যাত্রীদের চাহিদামতো গন্তব্যে যেতে চান না। সমিতির এই প্রতিনিধিদলটি পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল, ফার্মগেট, মহাখালী, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ী, কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শন করে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত দুই দিনে প্রায় ২২৫ জন অটোরিকশাচালক ও ২৪৭ জন যাত্রীর সঙ্গে কথা বলা হয়। এর মধ্যে ১৯৮টি অটোরিকশা মিটারে চলাচল করছে বলে চালক ও যাত্রীরা জানিয়েছেন। বাকি ২৭টির ১০টিতে কোনো মিটার ছিল না। ১৭টি চালক ও যাত্রীদের ইচ্ছায় চুক্তিতে চলাচল করেছে। সমিতি মনে করে, যাত্রীদের চাহিদার তুলনায় অটোরিকশার সংখ্যা কম হওয়ায় চালকদের ইচ্ছার কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে।