যাত্রীসেবা বাড়াতে রাজধানীতে নামছে ৬ হাজার ট্যাক্সিক্যাব
রাজধানীর সিএনজিচালিত অটোরিকশা খাতের উন্নয়নে সরকার খুব একটা আগ্রহী নয়। এর পরিবর্তে ট্যাক্সিক্যাব-সেবাকে পুনরুজ্জীবিত করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার নতুন ছয় হাজার ট্যাক্সিক্যাব নামিয়ে যাত্রীসেবা বাড়াতে চায়। নতুন ট্যাক্সিক্যাব নামাতে ইতিমধ্যেই একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে।জানতে চাইলে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার ইফতেখার হায়দার প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ট্যাক্সিক্যাব পরিচালনাকারী কোম্পানির মতামত নিয়ে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। খসড়ার চূড়ান্ত অনুমোদন মন্ত্রিপরিষদ, নাকি যোগাযোগ মন্ত্রণালয় দেবে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি জানান, ট্যাক্সিক্যাব সেবায় নতুনত্ব আনতে নীতিমালা তৈরি করা হয়েছে।খোন্দকার ইফতেখার হায়দারের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি খসড়া নীতিমালা তৈরি করেছে। এতে বলা হয়েছে, ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে দরপত্রের মাধ্যমে নতুন ট্যাক্সিক্যাবগুলোর নিবন্ধন হবে। বর্তমান নীতিমালা অনুযায়ী, ২০টি ট্যাক্সিক্যাবের একটি বহর (ফ্লিট) থাকলেই কোম্পানি খুলতে পারবে। কিন্তু প্রস্তাবিত নীতিমালায় কোম্পানি করতে হলে বহরে থাকতে হবে কমপক্ষে এক হাজার ট্যাক্সিক্যাব। নতুন যে ছয় হাজার ট্যাক্সিক্যাব নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হবে বেশি সিসি (ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন)।জানা গেছে, অকেজো হয়ে যাওয়া কালো ও নীল ট্যাক্সিক্যাবের প্রায় সব ইঞ্জিনের ক্ষমতা ছিল ৮০০ সিসি। শীতাতপনিয়ন্ত্রিত হলুদ ট্যাক্সিক্যাবগুলোর ক্ষমতা ছিল এক হাজার ৩০০ সিসি। খসড়া নীতিমালায় কালো কিংবা হলুদ, দুই ধরনের ট্যাক্সিক্যাবের ইঞ্জিনের ক্ষমতা সর্বনিম্ন এক হাজার ৬০০ থেকে দুুই হাজার সিসির মধ্যে হতে হবে বলে বলা হয়েছে। সর্বোচ্চ তিন বছরের পুরোনো (রিকন্ডিশনড) গাড়ি আমদানি করে ট্যাক্সিক্যাব হিসেবে ব্যবহার করা যাবে। কেউ চাইলে নতুন গাড়ি এনেও ট্যাক্সিক্যাব হিসেবে চালাতে পারবে। আপাতত নতুন ট্যাক্সিক্যাবে আগের ভাড়াই থাকবে বলে জানা গেছে।সরকার মধ্যবিত্তের বাহন হিসেবে ১৯৯৮ সালে ট্যাক্সিক্যাব-সেবা চালু করে। সে সময় একটি নীতিমালাও করা হয়। সরকার ১৯৯৭ সালে রেয়াতি শুল্কে (বিশেষ শুল্কসুবিধা দিয়ে) ট্যাক্সিক্যাব আমদানি এবং তা পরিচালনার সুযোগ দেয়। কয়েক বছরের ব্যবধানে ঢাকায় প্রায় ১১ হাজার ২৬০টি ট্যাক্সিক্যাব নামে। এর মধ্যে চার হাজার ৫১৩টি ছিল শীতাতপনিয়ন্ত্রিত এবং ছয় হাজার ৭৪৭টি ছিল সাধারণ। নীতিমালায় ত্রুটি থাকায় কম ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন ট্যাক্সিক্যাব আমদানি করা হয়। ফলে পাঁচ বছরের মধ্যেই অচল হয়ে যায় অন্তত অর্ধেক ট্যাক্সিক্যাব।জানা গেছে, ১৯৯৮ সালের নীতিমালায় ট্যাক্সিক্যাব পরিচালনায় আগ্রহী কোম্পানির পরিশোধিত মূলধন ১০ লাখ টাকা ছিল। প্রস্তাবিত নীতিমালায় মূলধনের পরিমাণ আড়াই কোটি টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ট্যাক্সিক্যাব খাতে সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করতে মূলধন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।জানতে চাইলে আনুদিপ ট্যাক্সিক্যাব কোম্পানির স্বত্বাধিকারী এস আর খান প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, তিন বছরের পুরোনো এবং এক হাজার ৬০০ সিসির ওপরের গাড়ি ট্যাক্সিক্যাব হিসেবে ব্যবহার করার নীতিমালা হচ্ছে। এটি হলে গাড়ির দাম অনেক বেড়ে যাবে। সে ক্ষেত্রে বেড়ে যাবে ক্যাবের ভাড়াও। অন্যদিকে, এক হাজার গাড়ি নিয়ে ট্যাক্সিক্যাবের বহর তৈরির যে বিধান রয়েছে, তা অনেকেই সময়মতো করতে পারবে না।’বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, বর্তমানে ঢাকায় ১১ হাজার ২৬০টি ট্যাক্সিক্যাবের নিবন্ধন রয়েছে। নিম্নমানের হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রায় ১০ হাজার ট্যাক্সিক্যাব। ওই ১০ হাজারের মধ্যে অন্তত আট হাজারের মেয়াদ এখনো উত্তীর্ণ হয়নি। অকেজো বলে সেগুলো চালানো যাচ্ছে না। কোম্পানিগুলো চাইলে এগুলোর পরিবর্তে নতুন ট্যাক্সিক্যাব (রিপ্লেসমেন্ট) নামাতে পারবেন। ট্যাক্সিক্যাবের অর্থনৈতিক মেয়াদ (ইকোনমিক লাইফ টাইম) ১০ বছর। ওই সময়সীমা পেরিয়ে গেলে নতুন নীতিমালার আলোকে সেগুলোর জন্যও দরপত্র আহ্বান করা হবে বলে যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।বিআরটিএ সূত্রে জানা গেছে, ঢাকায় এখন অনিয়মিতভাবে চলছে দেড় হাজার হলুদ, নীল ও কালো ট্যাক্সিক্যাব। যাত্রীরা অভিযোগ করে আসছেন, যান্ত্রিক ত্রুটি ছাড়াও বাহনগুলোর নোংরা, ভাঙাচোরা ও আসনের দুরবস্থার কারণে সেগুলোতে চড়া দায়। তা ছাড়া বেশির ভাগ গাড়িই শীতাতপনিয়ন্ত্রিত নয়।বর্তমান নীতিমালায় মেয়াদ উত্তীর্ণ কিংবা অচল ট্যাক্সিক্যাবের পরিবর্তে নতুন ট্যাক্সিক্যাব নামানোর সুযোগ রয়েছে। কিন্তু এই খাতে অস্থিরতার কারণে মালিকেরা নতুন করে ট্যাক্সিক্যাব নামাচ্ছেন না।ট্যাক্সিক্যাবের ভাড়া: বর্তমানে হলুদ ট্যাক্সিক্যাবে প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা এবং কালো বা নীল ট্যাক্সিক্যাবে তা ৩০ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য হলুদ ট্যাক্সিক্যাবে ১০ টাকা এবং কালো বা নীলে আট টাকা ভাড়া। প্রতি দুই মিনিট যাত্রাবিরতির (সিগন্যাল ও যানজট) জন্য হলুদে আড়াই টাকা এবং কালোতে দুই টাকা নির্ধারিত আছে।