‘যানজট আইজ হিসাব ছাড়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিজয় সরণি এলাকায় যানজট
ছবি: প্রথম আলো

রাজধানীর কমলাপুর থেকে টঙ্গীগামী বিআরটিসির বাসটি ছেড়েছিল আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায়। বেলা পৌনে ১১টার দিকে বাসটি ফার্মগেট ছাড়িয়ে বিজয় সরণির সিগন্যালে দাঁড়িয়ে ছিল।

বাসচালকের সহকারী মো. নাসির ত্যক্তবিরক্ত হয়ে বলেন, অন্য দিন দেড় ঘণ্টার মধ্যে এখানে আসা যায়। আজ তিন ঘণ্টা পার হয়ে গেল। নাসির আরও বলেন, ‘যানজট আইজ হিসাব ছাড়া। আমাগা তো কষ্ট আছেই। সেটা বাদ দিলাম। যাত্রীগো কষ্টের কথা একবার ভাবেন।’

বিজয় সরণির সিগন্যালে মতিঝিল থেকে আবদুল্লাহপুরগামী একটি বাসের যাত্রী মো. তালহার সঙ্গে আছেন সত্তরোর্ধ্ব মা। মাকে নিয়ে ঘেমে–নেয়ে উঠেছেন এই যুবক। তালহা বলেন, ‘এমন জ্যাম দেখি নাই অনেক দিন। আম্মারে নিয়া পড়ছি মুশকিলে। কষ্ট পাইতেছে।’

এই বাসের চালকের সহকারী মো. সুমন বলেন, মতিঝিল থেকে তিন ঘণ্টা লাগল ফার্মগেট আসতে। অন্য সময় এক ঘণ্টার বেশি লাগে না।

রাজধানীর বিজয় সরণি এলাকায় যানজট
ছবি: প্রথম আলো

মিরপুর ২ নম্বর থেকে কারওয়ান বাজারে কর্মস্থলে আসছিলেন বাকি বিল্লাহ। অন্য দিন তিনি আধা ঘণ্টায় লেগুনা ও বাসে কর্মস্থলে আসেন। সেখানে আজ তাঁর দেড় ঘণ্টা সময় লেগেছে। আগারগাঁও থেকে ফার্মগেটে পর্যন্ত এক ঘণ্টা যানজটে আটকে ছিলেন তিনি।

যানজটের কারণে লালমাটিয়া থেকে রাজধানীর ফার্মগেটে দেরিতে কর্মস্থলে পৌঁছেছেন সুজানা কামাল। তিনি খামারবাড়ি সিগন্যালে ৪০ মিনিট আটকে ছিলেন। বলেন, লালমাটিয়া থেকে রিকশায় যেতে তাঁর দেড় ঘণ্টারও বেশি সময় লেগেছে।

বিজয় সরণির মোড়ে ট্রাফিক পরিদর্শক সুজা চৌধুরী বলেন, আজ স্কুল খোলার কারণেই এত বেশি যানজট হয়েছে।