যানজট কমাতে নৌযান চালুর অভিমত
রাজধানীর যানজট ও সময়ের অপচয় কমাতে হাতিরঝিল, গুলশান, বনানী লেকে নৌযান চালু করার প্রস্তাব দিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠন। গতকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থীর গবেষণার আলোকে এক মতবিনিময় সভায় এই প্রস্তাব দেওয়া হয়।
‘যানজট হ্রাসে নৌযান ও হাঁটার সমন্বয়ে হাতিরঝিল, গুলশান ও বনানী লেক উন্নয়নের প্রস্তাব’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট।
আলোচনার শুরুতে বুয়েটের গবেষক দলের সদস্য সুমাইয়া তাবাসসুম, সাদিয়া চৌধুরী, মাহজাবিন রহমান, কাশফিয়া নেহরিন ও আহমেদ জাকারিয়া বলেন, গুলশান, বনানী ও হাতিরঝিলকে সংযুক্ত করে অভ্যন্তরীণ নৌরুট তৈরি করা হলে খুব সহজে, কম সময় ও খরচে এই পথে যাতায়াত করা যাবে। প্রায় তিন কিলোমিটার দূরত্বের এই পথে যাতায়াত করতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। মানুষের চাহিদা ও আর্থিক সক্ষমতার বিবেচনায় এ দূরত্ব অতিক্রমের জন্য ১৫ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া গবেষণায় নিকটস্থ বাসস্ট্যান্ড ও জনসমাগমকে বিবেচনায় নিয়ে ১৪টি নৌঘাট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী ঘাটে যেতে এবং লেকের চারপাশে হাঁটার জন্য পথ তৈরি, পর্যাপ্ত আলো, ছায়ার ও বসার ব্যবস্থা এবং গাছ থাকবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, অদূরদর্শী পরিকল্পনার কারণে ঢাকার খালবিল ধ্বংস হয়ে গেছে। হাতিরঝিল, বনানী ও গুলশান লেক সঠিকভাবে সংরক্ষণ ও উন্নয়ন করা হলে পরিবেশের উন্নয়ন ঘটবে। এই পথ যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে।
উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল বলেন, হাতিরঝিলে নৌপথ চালু হলে মানুষের শ্রমঘণ্টার অপচয় বন্ধ হবে। এই প্রস্তাব হাতিরঝিলের মূল পরিকল্পনায় সংযুক্ত হওয়া প্রয়োজন।
নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান বলেন, এই গবেষণায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের নৌপথের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তাই এ গবেষণা থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট প্রস্তাবগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রয়োজন।
বিআইপির সহসভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা বলেন, সড়কের ওপর চাপ কমিয়ে বহু মাধ্যমভিত্তিক পরিবহনব্যবস্থা গড়ে তোলা অনেক জরুরি। নৌ নেটওয়ার্ক ছাড়া এ শহরকে বাসযোগ্য করা সম্ভব নয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল ক্বাফী বলেন, প্রস্তাবিত অভ্যন্তরীণ নৌপরিবহনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অন্যান্য পরিবহনের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি পানির দুর্গন্ধ দূর করা এবং পর্যাপ্ত নৌযানের ব্যবস্থা করা দরকার।
বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন বলেন, ঢাকা শহরের বিকেন্দ্রীকরণ অত্যন্ত জরুরি। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে আলোচনা সভায় ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।