যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ না করলে যানজট কমানো অসম্ভব। যাতায়াতব্যবস্থায় কার্যকর মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করা হলেও ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে সরকারি কোনো উদ্যোগ নেই। তাই যানজট কমাতে গণপরিবহনব্যবস্থাকে কার্যকর করার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নিজস্ব কার্যালয়ে আয়োজিত, ‘যানজট নিরসনে যোগাযোগ মন্ত্রণালয়ের সাম্প্রতিক পদক্ষেপসমূহ: আমাদের মতামত’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নগর পরিকল্পনা বিশেষজ্ঞ মারুফ রহমান। আলোচক ছিলেন নীতি বিশেষজ্ঞ সৈয়দ মাহবুবুল আলম।বক্তারা বলেন, এর আগে যানজট নিরসনের নাম করে বাস, ট্রাক, রিকশা, ট্রেন ও পথচারী চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করায় জনসাধারণের হয়রানি বেড়েছে। নীতি ও পরিকল্পনা গ্রহণকারী ব্যক্তিরা ব্যক্তিগত গাড়ির সুবিধাভোগী হওয়ায় এসব নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।সম্মেলনে পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে কারাদণ্ডের বিধানের সিদ্ধান্তের সমালোচনা করা হয়। হকার উচ্ছেদ প্রসঙ্গে, হকারদের লাইসেন্সের বিনিময়ে ফুটপাতে সুশৃঙ্খলভাবে বসার ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়। এ ছাড়া পথচারীদের নিরাপদ ও সহজে যাতায়াতে জেব্রা ক্রসিং ফিরিয়ে আনা, প্রাইভেটকার নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের বদলে গণপরিবহনব্যবস্থা কার্যকর ও বিনিয়োগ করা, সাইকেলের জন্য আলাদা লেন, সিটিবাসের সঙ্গে আন্তনগর বাস, রেল ও নৌপথের সমন্বয়, সর্বত্র পার্কিংয়ের জন্য জায়গা ও ঘণ্টা হিসেবে পার্কিং ফি নেওয়া ও প্রাইভেটকারের লাইসেন্স বরাদ্দ সীমিত করার জন্য সম্মেলনে সুপারিশ করা হয়। সম্মেলন পরিচালনা করেন পবার প্রোগ্রাম অফিসার তৌফিকুর রহমান।