যানজট কমাতে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিত নগরায়ণের কারণে ঢাকায় রাস্তা বাড়ানোর উপায় নেই। তাই যানজট নিরসনে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। কম খরচে দ্রুতগামী গণপরিবহনের ব্যবস্থা করা, ছোট ছোট বাস বা মিনিবাসের পরিবর্তে বড়, লম্বা, দ্বিতল বাসের ব্যবস্থা করতে হবে। হালকা, ধীরগতির যানবাহনের জন্য রাস্তায় আলাদা লেন তৈরি করতে হবে।গতকাল শনিবার রাজধানীর প্ল্যানার্স টাওয়ারের বিআইপি মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা রাস্তার যানজট কমাতে এসব সুপারিশ করেন। মুক্ত আকাশ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই) ‘অপরিকল্পিত নগরায়ণ ও যানজট’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএসিআইয়ের সভাপতি সফিকুল আলম ভূঁইয়া। বৈঠকের প্রধান অতিথি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ঢাকায় রাস্তার পরিমাণ প্রায় ৮ শতাংশ, যা প্রয়োজনের তিন ভাগের এক ভাগ। এই অপ্রতুল রাস্তার উল্লেখযোগ্য অংশ হকার ও বেআইনি পার্কিংয়ের দখলে। অন্যদিকে দিনে গড়ে ১৮০টি নতুন গাড়ি নিবন্ধিত হয়ে রাস্তায় নামে। এর সঙ্গে যুক্ত হয়েছে অসমতল, খানাখন্দে ভরা রাস্তা, যত্রতত্র ইউ-টার্ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির কাজ। রাজধানীর যানজট নিরসনে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও তা সম্মিলিতভাবে বাস্তবায়নের অনুরোধ জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা যানজট নিরসনে সরকারসহ সাধারণ জনগণের সচেতন পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন একসঙ্গে চলাচল করে। রিকশাচালকদের কোনো লাইসেন্স নেই। বাসচালকেরা রাস্তার যত্রতত্র যেভাবে ইচ্ছে বাস দাঁড় করিয়ে লোক ওঠান-নামান। ট্রাকচালকেরাও বেপরোয়া। ব্যক্তিগত গাড়িগুলোও চালান অল্পশিক্ষিত চালকেরা। এঁদের কেউই সচেতন নন। ফলে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সামছুল হক। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে রাস্তার জন্য প্রয়োজনীয় ৫ শতাংশ জায়গাও এখন পুরোপুরি নেই। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, অপরিকল্পিত লোকসংখ্যার বাসস্থানের জন্য অপরিকল্পিতভাবে নগরায়ণ হয়েছে। এতে রাস্তা ক্রমশ ছোট ও চিকন হয়েছে। পাশাপাশি এত বেশিসংখ্যক লোকের চলাচলের সুবিধার জন্য রাস্তায় নেমেছে হরেক রকমের বিভিন্ন দামের যানবাহন। ফলাফল, রাস্তায় মারাত্মক যানজটসহ বিভিন্ন দুর্ঘটনাজনিত সমস্যা। বৈঠক সঞ্চালনা করেন মুক্ত আকাশ পত্রিকার সম্পাদক মো. শামসুল আলম। বছরে ৪০ হাজারের বেশি গাড়ি রাস্তায় নামছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উচিত নতুন গাড়ি নিবন্ধন ও রুট পারমিট ইস্যু করার আগে তা পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করা।