যানজট কমাতে ২২টি ইউলুপ নির্মাণ করবে ডিএনসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট কমাতে গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত ২২টি ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপার সেতু বা ‘ইউলুপ’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির আশা, এতে রাজধানীর যানজট অন্তত ৫০ শতাংশ কমবে। কিন্তু এসব ইউলুপ ঢাকার মাত্রাতিরিক্ত যানজট কতটা কমাতে পারবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন নগরবিদেরা।
ডিএনসিসি সূত্রে জানা যায়, জয়দেবপুর চৌরাস্তা থেকে হাতিরঝিল পর্যন্ত সড়কের বাঁক বন্ধ করে সেখানে ইউলুপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক সিগন্যালগুলো যানজটের অন্যতম কারণ। এই সড়কের প্রতিটি ট্রাফিক সিগন্যালে একটি করে ইউলুপ নির্মাণ করা হবে। এসব ইউলুপ দিয়ে গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে। ফলে তখন এসব মোড়ে কোনো ট্রাফিক পুলিশেরও প্রয়োজন হবে না।
ইউলুপ নির্মাণের জায়গা নির্ধারণ করতে ডিএনসিসির মেয়র আনিসুল হক গত ১৯ সেপ্টেম্বর উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে টঙ্গী পর্যন্ত পরিদর্শন করেন। তখন মেয়র বলেন, এই সড়কটির ট্রাফিক সমস্যা ব্যাপক। যানজট এত ভয়াবহ যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও ট্রাফিক সিগন্যাল পার হওয়া যায় না। এ অবস্থা নিরসনে প্রাথমিকভাবে বনানী-কাকলী, এয়ারপোর্ট, উত্তরার জসীমউদ্দীন ও আবদুল্লাহপুরের ট্রাফিক মোড়ে চারটি ইউলুপ নির্মাণ করার প্রকল্প নিয়েছে ডিএনসিসি।
পরে ডিএনসিসি নিজস্ব অনুসন্ধানে দেখতে পায়, জয়দেবপুর থেকে হাতিরঝিল পর্যন্ত ২২টি স্থানে ইউলুপ করা হলে যানজটের পরিমাণ অনেকাংশে কমবে। কিন্তু ইউলুপ করতে যে জায়গা প্রয়োজন, তা ডিএনসিসির নেই। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অধীনে থাকা এসব জমি সরবরাহের জন্য ডিএনসিসির পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
যানজটের কারণে প্রতিদিন রাজধানীবাসীর লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। পাঁচ বছর আগে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও দ্য চার্টার্ড ইনস্টিটিউট অব লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট যৌথভাবে রাজধানীর যানজট নিয়ে এক গবেষণা করেছিল। গবেষণা অনুযায়ী, শুধু যানজটের কারণে সে সময় বছরে বাণিজ্যিক ক্ষতি হতো ২১ হাজার কোটি টাকার বেশি। প্রতিদিন ক্ষতি ৮৩ কোটি টাকা। এখন এর পরিমাণ আরও অনেক বেড়েছে।
ডিএনসিসি বলছে, উন্নত দেশেও এ ধরনের ইউলুপ রয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট ৫০ শতাংশ কমে যাবে।
এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক নগরবিদ শামসুল হক বলেন, যানজট কমাতে ইউলুপ একটি ভালো দাওয়াই। কিন্তু ঢাকায় মাত্রাতিরিক্ত গাড়ির যে চাপ, সে তুলনায় অবকাঠামো নেই। তা না থাকায় ব্যস্ত সময়ে ইউলুপের কার্যকারিতা পাওয়া নিয়ে সমস্যা হতে পারে।
ইউলুপ নির্মাণের উদ্যোগ ডিএনসিসির হলেও তাতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা সহযোগিতা করছে। এ বিষয়ে আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে ডিএনসিসি।