যানজট-জলাবদ্ধতার জন্য ডিসিসিকে দায়ী করেছে সংসদীয় কমিটি
রাজধানীর যানজট, জলাবদ্ধতা ও অপরিচ্ছন্নতার জন্য ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দায়ী করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি অভিযোগ করেছে, ডিসিসি অপরিকল্পিতভাবে বিপণিবিতান নির্মাণ করে যানজট সৃষ্টি করছে।জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার কমিটির সভায় এ অভিযোগ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রহমত আলী। বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী ও আশরাফুন নেছা মোশাররফ উপস্থিত ছিলেন।সভা সম্পর্কে পরে রহমত আলী প্রথম আলোকে বলেন, রাজউক, ডিসিসি ও ওয়াসার কাজে সমন্বয় না থাকায় রাজধানীতে যানজট ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সমন্বিতভাবে কাজ করে এসব সমস্যা দূর করার লক্ষ্যে কমিটি সব প্রতিষ্ঠানকে একসঙ্গে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, রাজধানীর নাগরিক হয়রানি দূর করতে কমিটি স্থানীয় সরকার বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত সমন্বয় কমিটির মাধ্যমে অতি দ্রুত একটি নীতিমালা তৈরির সুপারিশ করেছে। এ ছাড়া ঢাকার অপরিছন্নতা, জলাবদ্ধতা ও যানজট নিরসনে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে একটি প্রতিবেদন কমিটির আগামী বৈঠকে দেওয়ার জন্য সমন্বয় কমিটিকে পরামর্শ দেওয়া হয়েছে। যেসব প্রকল্প ঢাকার অপরিছন্নতা, জলাবদ্ধতা ও যানজটের কারণ হতে পারে, সেসব প্রকল্পের কাজ স্থগিত রাখারও পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।জানা গেছে, সভায় কমিটির আওয়ামী লীগদলীয় দু-একজন সাংসদ অভিযোগ করেন, ঢাকার মেয়র সাদেক হোসেন বিরোধীদলীয় নেতা হওয়ায় তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে রাজধানীতে যানজট সৃষ্টি করছেন। এ পরিকল্পনার অংশ হিসেবে গুলশান ও রমনা এলাকায় ডিসিসির দুটি বিপণিবিতান নির্মাণ করা হচ্ছে। এ কারণে সেখানে প্রতিদিন তীব্র যানজট হচ্ছে। তবে কমিটির সদস্য ও বিএনপিদলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া এ অভিযোগ অমূলক বলে দাবি করেন। সূত্র জানায়, সংসদীয় কমিটির নির্দেশনা থাকলেও ডিসিসির বিভিন্ন বিপণিবিতানে দোকান বরাদ্দ সম্পর্কিত তথ্য ডিসিসির পক্ষ থেকে গতকালের সভায় উপস্থাপন করা হয়নি। এ জন্য সভায় ডিসিসি কর্তৃপক্ষের সমালোচনা করা হয়। গতকালের সভায় কমিটি ডিসিসি নির্বাচনের আগে দ্রুত বিভিন্ন ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। সভায় বলা হয়, রাজধানীর অনেক আবাসিক এলাকায় বাড়ির মালিকেরা বাড়তি আয়ের জন্য বসতবাড়িতে হোটেল-মুদির দোকান খুলে এলাকার পরিবেশ নষ্ট করছেন। কমিটি এসব বাড়ির মালিকের কাছ থেকে বাণিজ্যিক হারে কর আদায়ের সুপারিশ করেছে।