যানজট থাকবে রমজানেও
পবিত্র রমজানে নগরের যানজট পরিস্থিতির উন্নতি নিয়ে হতাশার কথা জানিয়েছে পুলিশ। এ সময় ঢাকা শহরে বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ। থাকবে র্যাবেরও বাড়তি প্রস্তুতি।গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমজান মাসের নিরাপত্তা-প্রস্তুতি তুলে ধরেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিরাপত্তা-প্রস্তুতি তুলে ধরেছে র্যাব।ডিএমপি কমিশনার বলেন, যানজট নিরসন বা ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণে পুলিশের কাছে ভালো কোনো খবর নেই।পবিত্র রমজানে ফুটপাত দখলমুক্ত করা নিয়ে হতাশার কথা শোনান ডিএমপি কমিশনার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার ফুটপাতে ইফতারির পসরা সাজিয়ে বসতে দেওয়া হবে না।পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, সেহির ও তারাবির সময় রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। অপরাধীদের ধরতে রাজধানীজুড়ে ৩৫টি স্থায়ী তল্লাশিচৌকি, ৮৪টি মোটরসাইকেল টহলদল ও ৩৫টি ভ্রাম্যমাণ টহলদলসহ নানা বেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার ছাড়াও ডিএমপির অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, যুগ্ম কমিশনার (ট্রাফিক) ব্যারিস্টার মাহবুবুর রহমান ও যুগ্ম কমিশনার (ডিবি) শেখ মারুফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।র্যাবের প্রস্তুতি: রমজান মাসে র্যাব বিশেষ নজরদারি করবে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি এবং বিপণিবিতানে সাদা পোশাকের সদস্যরা থাকবেন। ঈদের আগে টিকিট কালোবাজারি ও যানবাহনে অব্যবস্থাপনা রোধে র্যাব সদস্যরা কাজ করবেন।