যানজট দূর করতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ত সময় রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ে ঘণ্টায় সাত থেকে সাড়ে সাত হাজার গাড়ি চলাচল করে, সারা দিনে এই সংখ্যা দাঁড়ায় ৯৩ হাজারে। ঢাকা গাড়ির চাপ আর সামলাতে পারছে না। গাড়ির সংখ্যা না কমালে ঢাকার যানজটও কমবে না। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘মোহাম্মদ রফিক স্বপ্ন দেখে, যানজট মুক্ত ঢাকা, ঢাকার যানজট দূর হবে ঝটপট’ শীর্ষক সংবাদ সম্মেলন ও মুক্ত আলোচনায় বক্তারা ওই মন্তব্য করেন। হূদয়ে বাংলাদেশ নামের একটি দৈনিক পত্রিকা ওই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার যানজট নিরসনের নতুন এক কৌশল উদ্ভাবন করেছেন মোহাম্মদ রফিক। তাঁকে সহায়তা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা। মোহাম্মদ রফিকের উপস্থাপনার ওপর ভিত্তি করেই যানজট নিয়ে বক্তব্য দেন আলোচকেরা। রফিক বলেন, ঢাকার মূল সড়কগুলোতে সিগন্যাল ব্যবস্থা তুলে দিয়ে গাড়িগুলোকে নিরবচ্ছিন্নভাবে চলতে দিতে হবে। বিভিন্ন জায়গায় রাস্তার মূল স্তরের ওপরে ইউটার্নের ব্যবস্থা করে দিতে পারলে মূল সড়কের যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে না। রাস্তার ওপরের স্তর দিয়ে ডানে-বামে গাড়ি চলতে পারবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, শাহবাগ থেকে টঙ্গি ব্রিজের দূরত্ব ৩০ কিলোমিটার, কিন্তু সিগন্যাল আছে ১৪টি। শুধু সিগন্যালেই আধাঘণ্টা সময় নষ্ট হচ্ছে। পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, এই পরিকল্পনাটি ভালো। তবে এত অপরিকল্পিত শহরে এই ইউটার্নগুলো স্থাপন করাটা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন আছে। রাজধানীর রাস্তায় প্রতিদিন ১৭০-৮০টি ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন হচ্ছে। গাড়ির সংখ্যা এত বেশি যে, ট্রাফিক পুলিশ প্রাণান্ত চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না। মানুষের মধ্যে আইন মানার প্রবণতা নেই বললেই চলে। যথাযথ পরিকল্পনা না মেনেই স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে। বসুন্ধরা শপিংমলে গাড়ি রাখার ব্যবস্থা আছে এক হাজার ২০০, ঈদের সময় এখানে গাড়ি আসছে পাঁচ-ছয় হাজার। গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিত্তবানদের অর্থের উৎস খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী। তিনি বলেন, একটা সময় ধনী লোকেরা তাঁদের বিলাসবহুল গাড়ি বনে-জঙ্গলে ফেলে পালিয়ে গিয়েছিলেন। অসৎ লোকদের ধরতে জোর তৎপরতা চালানো প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া আইন প্রয়োগে ব্যক্তিবিশেষকে প্রশয় না দিয়ে কঠোর ও নির্মম হওয়া প্রয়োজন বলে সচিব উল্লেখ করেনসাবেক সেনা কর্মকর্তা এস এম মেসবাহউদ্দিন অন্যায়ভাবে যেসব ভবন গাড়ি পার্ক করার ব্যবস্থা না রেখেই বহুতল ভবন নির্মাণ করছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তা ভেঙে ফেলা উচিত। বিশিষ্ট কবি কাজী রোজী যানজট নিরসনে শহরকে বিকেন্দ্রীকরণের দাবি জানান।আলোচনায় আরও অংশ নেন, হূদয়ে বাংলাদেশ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ মার্গুব মোরশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির সম্পাদক শহীদুল হক খান।