যানজট নিরসনে উন্নত বাস নামানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। এসব গাড়ি যাত্রী পরিবহন করে কম। বেশির ভাগ সময় যাত্রী পরিবহনের বদলে পার্কিংয়ে থাকে। এ পরিস্থিতিতে অধিক সংখ্যায় উন্নতমানের বাস নামানোর বিকল্প নেই। জাতীয় প্রেসক্লাবে ‘যানজট হ্রাসে পাবলিক বাসের গুরুত্ব ও মানোন্নয়নে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গতকাল বুধবার বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, পরিবেশ বাঁচাও আন্দোলন এবং ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।বৈঠকে বক্তারা বলেন, ব্যক্তিগত গাড়িকেন্দ্রিক পরিকল্পনার মাধ্যমে সরকার সাধারণ মানুষের টাকায় ফ্লাইওভার, উড়াল সড়ক ও পার্কিংয়ের স্থান নির্মাণ করছে। এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার উৎসাহিত হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের বাহন বাস ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিচ্ছে না। বক্তারা আরও বলেন, ব্যক্তিগত গাড়ি ২৪ ঘণ্টায় ৯৫ শতাংশ সময় পার্কিংয়ে থাকে। একটি ব্যক্তিগত গাড়ি দিনে দুই থেকে তিনটি ট্রিপ (আসা-যাওয়া) দিয়ে দুই-তিনজন যাত্রী বহন করে। অন্যদিকে একটি বাস এক ট্রিপে প্রায় ১০০ যাত্রী বহন করে। প্রতিদিন একটি বাসে কমপক্ষে ৫০০ যাত্রী চলাচল করে। শুধু যানজট নয়, দূষণ, জ্বালানির ব্যবহার কমানোর জন্য হলেও ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ এবং বাসের মানোন্নয়ন দরকার। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন পরিবেশ বাঁচাও অন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান। বক্তব্য দেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারোয়ার জাহান, অধ্যাপক মাহবুব-উন-নবী, বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান শাহেদা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন তাজমেরী এস ইসলাম প্রমুখ।