যানজটের কারণে প্রতিবছর রাজধানীবাসীর ৮০ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। এতে বছরে ক্ষতি হয় প্রায় ২০ হাজার কোটি টাকা। এ ছাড়া শব্দদূষণ, বায়ুদূষণ ও সড়ক দুর্ঘটনা তো রয়েছেই। রাজধানীতে দুর্বিষহ যানজটের অন্যতম কারণ হলো কার।বিশ্ব কারমুক্ত দিবস উপলক্ষে গতকাল বুধবার জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন, সিটিজেনস রাইটস মুভমেন্ট, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এরপর শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত শোভাযাত্রা ও শিশুদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান করা হয়।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকায় যে হারে কার বাড়ছে, সে হারে রাস্তা বাড়ছে না। যানজট, দূষণ, জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণ ও যাতায়াতব্যবস্থার উন্নয়নে কার নিয়ন্ত্রণের বিকল্প নেই।বক্তারা কার চলাচলে নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে এ যানের লাইসেন্স সীমিত করা, আমদানির ক্ষেত্রে উচ্চহারে কর আরোপ করা, এক পরিবারে একটির বেশি কারের লাইসেন্স না দেওয়া, যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা ও পার্কিং চার্জ আরোপ করার আহ্বান জানান।বিশ্ব কারমুক্ত দিবসের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটিজেনস রাইটস মুভমেন্টের তুষার রেহমান, ডব্লিউবিবি ট্রাস্টের মারুফ রহমান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইবনুল সাইদ, ইকমা হোসেন ও আনসার আলী। বিজ্ঞপ্তি।