যানজট নিরসনে গৃহীত প্রকল্প সমন্বয় করবে ডিটিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড (ডিটিসিবি) ঢাকা মহানগরের যানজট নিরসনের জন্য বিভিন্ন দপ্তর ও সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্পগুলো সমন্বয় করবে। গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিভিন্ন দপ্তর ও সংস্থার এক আন্তমন্ত্রণালয় সভায় আলোচনা শেষে ডিটিসিবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।বৈঠক সূত্র জানায়, সভায় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন যানজট নিরসন ও নাগরিক ভোগান্তি কমাতে গৃহীত প্রকল্পগুলোর কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি নির্মাণকাজ শুরুর আগে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ এবং জনগণের সুবিধার্থে নির্মাণকাজ দ্রুততার সঙ্গে শেষ করার পরামর্শ দেন।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান, সেনা সদর দপ্তরের মেজর জেনারেল হামিদ আল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল সহিদুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সালাহউদ্দিন মিয়াজী, সেনাবাহিনীর বিশেষ ওয়ার্কস অর্গানাইজেশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল খায়ের, ডিটিসিবি, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অপর দিকে নগরের যানজট নিরসনের জন্য ডিসিসির উদ্যোগে শাহবাগ, শেরাটন, বাংলামোটর ও সোনারগাঁও ইন্টারসেকশনে চারটি আন্ডারপাস নির্মাণ প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া এটিপির আওতায় যানজট নিরসনের এমআরটি লাইন-৬-এর এলাইনমেন্টও চূড়ান্ত করা হয়েছে।একই সঙ্গে নগরের যানজট নিরসনের জন্য মিরপুর-এয়ারপোর্ট সড়কে উড়াল সেতু, কুড়িল উড়াল সেতু, মেয়র হানিফ উড়াল সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত বাস র্যাপিড ট্রানজিটসহ অন্যান্য প্রকল্পে সমন্বয় সাধনের সিদ্ধান্ত নেওয়া হয়।