ঢাকার যানজট নিরসনে বাস-সেবার উন্নয়নের পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পরিবহন বিশেষজ্ঞরা। এ জন্য উন্নত মানের বাস আমদানি, বাসের জন্য বিশেষ লেন এবং বড় বাস আমদানি সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন তাঁরা।গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কার্যালয়ে ‘ঢাকার বাস যোগাযোগের আধুনিকীকরণ’ শীর্ষক এক সেমিনারে এসব পরামর্শ দেওয়া হয়। এফবিসিসিআই এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে ব্যবসায়ী নেতারা যানজট নিরসনে নেওয়া বিভিন্ন প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় বাস্তবায়নেরও দাবি জানান। যানজটের কারণে বছরে ১৬৮ কোটি ডলারের সমপরিমাণ অর্থ লোকসান গুনতে হচ্ছে বলেও সেমিনারে উল্লেখ করা হয়।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) অতিরিক্ত নির্বাহী পরিচালক সালেহউদ্দিন, ভারতের গিতাম তেওয়ারী ও সন্দ্বীপন চৌধুরী।এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান বলেন, সরকার পিপিপির আওতায় গণপরিবহন খাতে বিনিয়োগ বাড়াতে পারলে সমস্যা অনেকটাই কেটে যাবে।সভাপতির বক্তব্যে এ কে আজাদ বলেন, শুধু যানজটের কারণে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল আসতে দেড় থেকে দুই ঘণ্টার বেশি সময় লাগছে। সালেহউদ্দিন তাঁর প্রবন্ধে রাজধানীকে কয়েকটি ভাগে ভাগ করে বাসের গায়ের আলাদা আলাদা রং অথবা নম্বর দিয়ে পরিচালনার পরামর্শ দেন।ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, যানজট নিরসনে ঢাকা সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ডিটিসিবি কাজ করছে। তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় না থাকায় যানজট নিরসনে সফলতা আসছে না।সেমিনারে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম হোসেন, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবদুল মোমেন, শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ, ব্যবসায়ীদের নেতা আবদুল হক, শামসুজ্জামান মর্তুজা, মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-পশ্চিম) প্রমুখ।