যানজট নিরসনে বাসকে গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি সিএনজিচালিত অটোরিকশা কিংবা গাড়ি যতটুকু জায়গা দখল করে, একটি বড় বাসের জন্যও সেই পরিমাণ জায়গাই দরকার হয়। কিন্তু একটি বাসে ৫০ থেকে ৮০ জন যাত্রী বহন করা সম্ভব। কিন্তু তিনটি গাড়ি বা অটোরিকশা বহন করে নয় থেকে ১২ জন যাত্রী। তাই ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা কমিয়ে যানজট নিরসনে ছোট যানবাহনের পরিবর্তে বড় বাস চলাচলকে অগ্রাধিকার দিতে হবে। যত্রতত্র গাড়ি রাখা রোধে গড়ে তুলতে হবে পরিকল্পিত ‘পার্কিং’। ‘যানজট নিরসনে আপাতত করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। গতকাল বুধবার স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিয়েশন (বারভিডা) এই বৈঠকের আয়োজন করে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ঢাকার যানজটের কষ্ট সরকারের জনপ্রিয়তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার যানজট নিরসনে বেশ কিছু প্রকল্প নিয়েছে। কিন্তু এর বাইরে ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে একটু নিষ্ঠুর হতে হবে। ঢাকামুখী মানুষের স্রোতও বন্ধ করতে হবে। সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেন, বাসের জন্য আলাদা লাইন করে বড় বাস আমদানিতে উৎসাহ দিতে হবে। ট্রাফিক পুলিশের হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ বাদ দিয়ে পুরো ঢাকায় সংকেত বাতির মাধ্যমে যানবাহন চলাচল নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। বৈঠকে বর্তমান সরকার পরিবহন খাতে শতকরা ৮০ ভাগ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেছে বলে দাবি করেন নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান। এই বক্তব্যের বিরোধিতা করে নাজমুল হুদা বলেন, ‘সবচেয়ে বড় চাঁদাবাজ মন্ত্রী নিজেই।’ শাজাহান খান পুনরায় নাজমুল হুদার বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘চাঁদাবাজি বন্ধে আমি সারা জীবন সংগ্রাম করে এসেছি।’শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম শিক্ষার্থীদের পরিবহনের জন্য রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বাস চালুর পরামর্শ দেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বলেন, ব্যক্তিগত গাড়িতে সিএনজির ব্যবহার বন্ধ করে দিয়ে শুধু বাস ও বাণিজ্যিক যানবাহনে সিএনজি দিতে হবে। এতে শিল্পকারখানা উপকৃত হবে, রাস্তায় গাড়ি কমে যাবে এবং ঢাকার যানজট কমবে। তিনি বাসের জন্য রাস্তায় বিশেষ লেন করারও দাবি জানান। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও বৃহত্তর ঢাকা পরিবহন পরিকল্পনার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তা তপন কুমার নাথ বলেন, যানজট নিরসনে তিনটি বিষয় একসঙ্গে করতে হবে। এগুলো হলো মোটরযান আইনে জরিমানার পরিমাণ বাড়ানো, রাস্তা ব্যবহারে নাগরিক সচেতনতা বাড়ানো এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মাহবুবুর রহমান বলেন, পুলিশ নতুন কোনো উদ্যোগ নিলেই বাধার সম্মুখীন হয়। রিকশা বন্ধ করায় চালকেরা সংঘর্ষ বাধিয়েছে। পুলিশের উদ্যোগে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। তবে বৃহত্তর স্বার্থে সবার সহনশীল হওয়া উচিত। বৈঠকে উপস্থাপিত মূল প্রবন্ধে বারভিডার মহাসচিব আবদুল হামিদ শরীফ ঢাকার যানজট নিরসনে আধুনিক পদ্ধতিতে বহুতল ভবনে গাড়ি রাখার সুপারিশ করেন, যা এলিভেটেড বা টাওয়ার পার্কিং (উড়াল পার্কিং) পদ্ধতি হিসেবে পরিচিত। এ ব্যবস্থায় গাড়িগুলোকে লিফটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভবনে তোলা ও নামানো হয়। বিশ্বের অনেক দেশে এই পদ্ধতি আছে। সরকার থেকে জমি পাওয়া গেলে বারভিডাই এ ব্যবস্থা চালু করতে চায় বলে তিনি জানান। বারভিডার সভাপতি আবদুল মান্নান চৌধুরী স্বাগত বক্তব্যে যানজট নিরসনে মোটরযান আইনকে যুগোপযোগী করা, ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ করা, গণপরিবহনব্যবস্থা উন্নত করা এবং নতুন রাস্তা নির্মাণ ও সম্প্রসারণের দাবি জানান। সভায় আরও বক্তব্য দেন সাংসদ গোলাম মাওলা, দোকান মালিক সমিতির হেলালউদ্দিন, ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তা আশিকুর রহমান, ব্যবসায়ী নেতা সাকিল চৌধুরী প্রমুখ। বৈঠক পরিচালনা করেন সাবেক সচিব কারার মাহমুদুল হাসান ও গণমাধ্যম কর্মী অঞ্জন রায়।