যানজট নিরসনে ১০ রোজার পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ
১০ রমজানের পর রাজধানীর সব স্কুল-কলেজ বন্ধের নির্দেশনা দিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশ এবং দোকান ও মার্কেটের মালিকেরা। রমজানে রাজধানীর নিরাপত্তা ও যানজট কমাতে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে এ অনুরোধ জানানো হয়েছে। গত রোববার ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে দোকান ও মার্কেট মালিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ওই অনুরোধ জানানো হয়। এতে পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নগরীর নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও যানজট নিরসনের বিষয় নিয়ে আলোচনা হয়। পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪০ জন দোকান ও মার্কেটমালিক অংশ নেন।পবিত্র রমজানে রাজধানীতে অন্যান্য সময়ের চেয়ে যানজট বেশি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হলে এই জট অনেকটা কমবে। এ জন্য ১০ রোজার পরে স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা দিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন পুলিশ ও ব্যবসায়ীরা। এ ছাড়া ঢাকার বাইরে থেকে রিকশা, ভ্যানগাড়ি, হিউম্যান হলার ইত্যাদি ঢাকায় ঢুকতে না দেওয়া, মার্কেটের সামনে রাস্তায় গাড়ি পার্কিং না করা, প্রয়োজনে মার্কেটের সামনের রাস্তা একমুখী চলাচল (ওয়ান ওয়ে) করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার ২৩০টি মার্কেটে পুলিশ, র্যাব ও মার্কেট কমিটি সমন্বিতভাবে নিরাপত্তা রক্ষায় কাজ করবে। প্রতিটি মার্কেটে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া টেলিফোনে চাঁদাবাজির খবর গোয়েন্দা পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে। ছিনতাই রোধে একসঙ্গে বেশি টাকা বহন করার সময় পুলিশের সাহায্য নেওয়ারও পরামর্শ সভায় দেওয়া হয়েছে।