যানজট সারাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ব্যস্ত সড়ক শুধু নয়, অলিগলি—সবখানেই এখন ভয়াবহ যানজট। অফিস শুরুর আগে এবং ছুটি শেষে যানজট বাধার প্রচলিত নিয়ম ছাড়িয়ে এখন যেকোনো সময়ে যানজটের সৃষ্টি হচ্ছে। গত সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যানজটের অসহনীয় চিত্র পাওয়া যায়।
সোমবার দুপুরে কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন রফিকুল আলম। বিকেলে তাঁর সঙ্গে দেখা সায়েদাবাদ বাসস্ট্যান্ডে। ঢাকার যানজট নিয়ে তিনি খুব বিরক্ত। সকালে কাঁচপুর পর্যন্ত মোটামুটি ভালোভাবেই এসেছেন। তাঁদের বাস গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়ক ব্যবহার না করায় নিচের পথেই সায়েদাবাদ আসেন। কিন্তু ওই পথ পাড়ি দিতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। জাতীয় রাজস্ব বোর্ডে একটি কাজে যেতে রিকশায় সময় লাগে প্রায় সোয়া ঘণ্টা। সেখান থেকে মিরপুরে বড় বোনের বাসায় যাওয়ার জন্য বাসে উঠে অবশেষে শাহবাগেই নেমে ফিরতি পথ ধরেন। কারণ যানজটে বাস চলা দূরে থাক, নড়তে পর্যন্ত পারছিল না। তিনি বলেন, অতি প্রয়োজন না হলে তিনি আর ঢাকায় আসবেন না।
মতিঝিল বাণিজ্যিক এলাকার প্রধান সড়কে যানজট এখন যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। এর প্রধান কারণ রাস্তার দুই পাশে যথেচ্ছভাবে গাড়ি রাখা। মতিঝিলে সিটি সেন্টারে প্রায় ৫০০ গাড়ি রাখার ব্যবস্থা থাকলেও রাস্তার দুই পাশে দুই সারি, কোথাও তিন সারি পর্যন্ত গাড়ি রাখা হচ্ছে। আমিন কোর্ট ও আশপাশের এলাকায় রাজপথেই দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ ব্যক্তিদের পদবিসংবলিত সাইনবোর্ড। লেখা আছে ‘চেয়ারম্যান সাহেবের গাড়ি রাখার নির্ধারিত স্থান’ বা ‘এখানে এমডি সাহেবের গাড়ি থাকবে’ ইত্যাদি।
দিলকুশা বাণিজ্যিক এলাকা, কারওয়ান বাজার, মহাখালী, এলিফ্যান্ট রোডসহ অন্য বাণিজ্যিক এলাকাগুলোতেও একই অবস্থা।
বনানী থেকে কারওয়ান বাজারের দূরত্ব পাঁচ কিলোমিটার। আসতে সময় লাগার কথা খুব বেশি হলে ২০ মিনিট। কিন্তু এখন লাগছে দেড় থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত। নর্থ সাউথ ইউনিভার্সিটির তিনজন ছাত্র গতকাল এই প্রতিবেদকের কাছে তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেন। বেলা আড়াইটায় ছুটি শেষে বনানীতে এসে বাসে ওঠেন তাঁরা। সেই বাস কারওয়ান এসে পৌঁছায় বিকেল সাড়ে চারটায়। এর মধ্যে বনানী ওভারপাস থেকে মহাখালী উড়ালসড়ক পৌঁছাতেই লাগে প্রায় ৪৫ মিনিট।
নয়াপল্টন, ফকিরেরপুল, পুরানা পল্টন, তোপখানা রোড, গুলিস্তান, চানখাঁরপুল, শাহবাগ, বাংলামোটর, মালিবাগ, মৌচাক, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, পান্থপথ, গ্রিনরোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, সাতমসজিদ রোড, মহাখালীসহ রাজধানীর বেশ কিছু এলাকায় নিয়মিত ভয়াবহ যানজট বাধছে। এ ছাড়া নবাবপুর, ইংলিশ রোড, বংশাল, জনসন রোড, নারিন্দা, ইসলামপুর, বাবুবাজার, মিটফোর্ড, ইমামগঞ্জ, চকবাজারসহ পুরান ঢাকার বেশির ভাগ এলাকা থাকছে ভয়াবহ যানজটে অবরুদ্ধ। এর ফলে প্রতিদিন নষ্ট হচ্ছে অনেক কর্মঘণ্টা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মুসলেহ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, প্রতিদিন ঢাকা শহরে এক শ থেকে দেড় শ নতুন গাড়ি নামছে, রাস্তা বাড়ছে না। গাড়ির সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া, পদচারী-সেতু বা জেব্রাক্রসিং ব্যবহার না করা, মেট্রোরেলের জন্য বিভিন্ন এলাকায় এক দিকের সড়ক বন্ধ করে রাখা, সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়ি, মৌচাক-মগবাজার উড়ালসড়কের নির্মাণকাজ ইত্যাদি কারণে যানজট পরিস্থিতি এ রকম হয়েছে। তবে ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সব সময়ই সচেষ্ট থাকছে।