যানজটমুক্ত সড়কে স্বস্তি মোহাম্মদপুরবাসীর

আসাদ অ্যাভিনিউ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে অবৈধ বাস দাঁড়িয়ে না থাকায় যানজট অনেকটাই কমেছে। জাপান গার্ডেন সিটির সামনের সড়কে গাড়ি রাখা নিয়ন্ত্রিত করায় সেখানেও যানজট লাগছে না। এই দুই জায়গার যানজটের ভোগান্তি থেকে রক্ষা পাওয়ায় স্বস্তিতে আছেন মোহাম্মদপুরবাসী।
গত বছরের ১ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক থেকে বাস সরিয়ে নেওয়া হয়েছে মোহাম্মদপুর বছিলা নতুন সড়কে। জাপান গার্ডেন সিটির সামনের সড়কে এলোমেলোভাবে কয়েক সারিতে দাঁড় করিয়ে রাখা বাসগুলো এক সারিতে আনা হয়।
মোহাম্মদপুর থেকে প্রতিদিন বিভিন্ন রুটে তরঙ্গ প্লাস, এটিসিএল, মালঞ্চ, দীপন, মেশকাত, মিডওয়ে, ফাতেহসহ বিভিন্ন কোম্পানির শতাধিক বাস চলাচল করে। এসব বাস যাত্রা শুরু ও শেষ করত মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, নুরজাহান রোড, তাজমহল রোড এলাকায়। সারা দিন এসব পরিবহনের বাসগুলো সড়কের অর্ধেকের বেশি অংশ দখল করে রাখায় বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট লেগেই থাকত।
গতকাল রোববার দেখা যায়, সড়কে নেই অপেক্ষমাণ বাসের সারি। মোহাম্মদপুর থেকে স্বচ্ছন্দে যাতায়াত করা যাচ্ছে আসাদ অ্যাভিনিউ ও সাতমসজিদ রোডের দিকে। রাস্তা দিয়ে সাবলীলভাবে চলছে রিকশা, ব্যক্তিগত গাড়ি। বছিলার নতুন সড়ক থেকে একটি করে বাস আসছে, কিছুক্ষণ দাঁড়িয়ে যাত্রী তুলে চলে যাচ্ছে।
একাধিক বাসচালক ও তাঁদের সহকারীরা বলেন, উত্তর সিটি করপোরেশন মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বাস সরিয়ে দেওয়ার পরে বছিলার নতুন সড়কে বাস থামানো হচ্ছে। আগে যাত্রা শেষে বাসস্ট্যান্ড এলাকার কম প্রস্থের সড়কগুলোতে এসব বাস ঘোরানোর কারণে যানজট বেশি হতো। বছিলার নতুন সড়ক যথেষ্ট চওড়া হওয়ায় বাস ঘোরাতেও সমস্যা হচ্ছে না।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল তরঙ্গ প্লাস পরিবহনের একটি বাস। বাসের চালকের সহকারী মো. ইয়াসিন বলেন, এখানে কোনো কাউন্টার নেই। মূল কাউন্টার বছিলায়। এখানে দুই-তিন মিনিট দাঁড়াতে দেয় লোক তোলার জন্য।
বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) স্থাপিত আরবান ল্যাব পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, মোহাম্মদপুরসহ রাজধানীর নয়টি জায়গাকে ডিএনসিসি পার্কিংমুক্ত করায় বছরে আর্থিক সাশ্রয় হবে ১ হাজার কোটি টাকার ওপরে। এই হিসাব যানবাহনের জ্বালানি সাশ্রয় এবং যানজটের কারণে মানুষের যে কর্মঘণ্টা নষ্ট হতো তার ভিত্তিতে করা হয়েছে।
নুরজাহান রোডের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, আগে বাসগুলো সারা দিনই অর্ধেকের বেশি রাস্তা দখল করে রাখত। ১০ মিনিটের রাস্তা পাড়ি দিতে কয়েক গুণ বেশি সময় হাতে নিয়ে ঘর থেকে বের হতে হতো বাসিন্দাদের। রাস্তার ওপরে এতগুলো বাস দাঁড়িয়ে থাকায় যে তীব্র যানজট সৃষ্টি হতো এখন আর তা হচ্ছে না।
রাজধানীর ভেতরে চলাচলকারী কয়েকটি পরিবহনের বাস জাপান গার্ডেন সিটির সামনে এলোমেলোভাবে রাখা হতো। গতকাল দেখা যায়, পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সড়কের এক পাশ দিয়ে দাগ টানা হয়েছে। সব বাস সে দাগের ভেতরে এক সারিতে রাখা। ফলে এই সড়কেও কোনো যানজট হচ্ছে না।
ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান প্রথম আলোকে বলেন, এলাকাবাসীকে যানজট থেকে মুক্তি দিতে বাসস্ট্যান্ডের আশপাশের সড়ক থেকে বাসগুলো বছিলার নতুন সড়কে সরিয়ে নেওয়া হয়েছে। পরে বছিলা এলাকায় স্থায়ী বাস রাখার ব্যবস্থা করা হবে। বাস রাখার জায়গা না থাকায় জাপান গার্ডেন সিটির সামনের সড়কে আপাতত এক সারিতে বাস রাখার অনুমতি দেওয়া হয়েছে। এতে এই সড়কেও যানজট কমেছে।