যানজটে বই পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীবাহী বাসে ‘পরিবহন পাঠাগার’ উদ্বোধন করছেন সাংসদ কাজী রোজী l প্রথম আলো
যাত্রীবাহী বাসে ‘পরিবহন পাঠাগার’ উদ্বোধন করছেন সাংসদ কাজী রোজী l প্রথম আলো

রাজধানীতে যানজটে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। এটি বিশ্বব্যাংকের গবেষণার তথ্য। যাত্রীদের দিনের একটা বড় সময় কাটে যানজটে অলস বসে। এ সময় কেউ ব্যস্ত থাকেন স্মার্টফোনে, কেউবা খানিক ঝিমিয়ে নেন।
যানজটে বসে বিরক্ত যাত্রীদের সময় কাটাতে ভালো অনুষঙ্গ হতে পারে বই। বাসে বসে বই পড়ার সেই সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সোশ্যাল চেইন ফর ডেভেলপমেন্ট (এসসিডি) নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনটি চালু করেছে ‘বইবন্ধু’ শীর্ষক একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় গাজীপুর থেকে আজিমপুর পথে চলাচলকারী ভিআইপি পরিবহনের বাসগুলোতে বই সংরক্ষণের ব্যবস্থা করা হবে। বইবন্ধু পরিবহন পাঠাগারের মাধ্যমে বাসের যাত্রীরা পাবেন বিনা মূল্যে বই পড়ার সুযোগ। এই পাঠাগারের স্লোগান ‘বই প্রাণকে করে শাশ্বত আর মনকে করে উন্নত’। প্রাথমিকভাবে ভিআইপি পরিবহনের ২০টি বাসে পাঠাগার স্থাপন করা হবে।
গতকাল আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় বইবন্ধু পরিবহন পাঠাগারের উদ্বোধন করেন সাংসদ কাজী রোজী। তিনি বলেন, বই হলো মনের উদ্যান, সেই উদ্যানে প্রবেশ করতে হবে। এ ধরনের উদ্যোগ জনগণের মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।
উপস্থিত ছিলেন ভিআইপি অটোমোবাইল লিমিটেডের এমডি মো. রাজ্জাক, এসসিডির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এসসিডির প্রতিষ্ঠাতা সমন্বয়ক আয়েশা সিদ্দিকা।