যানজটে বদলে যাচ্ছে ঢাকার জীবনযাত্রা

জনতা ব্যাংকের জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা আহসান হাবিবের কর্মস্থল মতিঝিল। থাকেন মিরপুর ডিওএইচএসে। মহাখালী হয়ে তাঁর বাসা ও অফিসের দূরত্ব ১৯ কিলোমিটার। স্বাভাবিক দিনে এই পথে আসা-যাওয়ায় তাঁর গড়ে সময় ব্যয় হয় পাঁচ ঘণ্টা। বৃষ্টি, সড়কে দুর্ঘটনা কিংবা সভা-সমাবেশ থাকলে আরও বেশি সময় রাস্তায় চলে যায়। তাই প্রতি রাতে বাসায় ফেরেন ক্লান্ত, বিধ্বস্ত হয়ে। সময়ের সংকটে আত্মীয়, বন্ধুসঙ্গ বাদ দিতে হয়েছে। হাসপাতালে ভর্তি ভাইকেও সপ্তাহে একদিনের বেশি দেখতে যেতে পারেননি। মূলত যাতায়াতের ভোগান্তি হাবিবের জীবন অফিস আর বাসায় আটকে দিয়েছে। বন্ধু বা স্বজনদের সঙ্গে সম্পর্ক সচল রাখার ক্ষেত্রে এখন মুঠোফোনই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
প্রথম আলোকে আহসান হাবিব বলেন, ‘ইদানীং ভাড়ার মোটরসাইকেল খুঁজি। তাতে একটু সময়ের সাশ্রয় হয়। কিন্তু এত ধুলাবালু খেতে হয় যে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছি। বাসায় সময় প্রায় দেওয়াই হয় না। ঘুমের চাহিদা পূরণ হয় না। যেখানে-সেখানে ঘুমিয়ে পড়ার অভ্যাস হয়ে গেছে।’
হাবিবের মতো এই ত্রাহি অবস্থা রাজধানীর লাখো মানুষের। গত ১৯ জুলাই বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় মটোরযানের গড় গতি ঘণ্টায় সাত কিলোমিটার। অবস্থার পরিবর্তন না হলে কিছুদিন পর হেঁটেই গাড়ির আগে গন্তব্যে যেতে পারবে মানুষ। আর যানজটের কারণে বার্ষিক ক্ষতি ৩০ হাজার কোটি টাকা, যা দিয়ে বছরে একটি করে ‘পদ্মা সেতু’ করা যায়। (চলমান পদ্মা সেতু প্রকল্পের মোট ব্যায় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা)।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম এর জন্য মূলত আইনের প্রয়োগ না হওয়াকে দায়ী করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পরিবহন ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খল অবস্থা চলছে। এই খাতে আইনের শাসন নেই বললেই চলে। এটাই হলো সবচেয়ে সর্বনাশা।’
তবে নগর পরিবহনে আইন প্রয়োগ করে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ যানজটের জন্য চিরাচরিতভাবে দায়ী করছে রাস্তার স্বল্পতা, ভাঙাচোড়া রাস্তা, খোঁড়াখুঁড়ি, মানুষের মধ্যে সুস্থ ট্রাফিক অভ্যাস গড়ে না ওঠা, রিকশা চলাচল ইত্যাদিকে। কিন্তু বিদ্যমান অবস্থায় যানবাহনের সচলতা বাড়াতে তাদের বাড়তি উদ্যোগ চোখে পড়ছে না।
অভিযোগ উঠেছে, যানবাহন ব্যবস্থাপনার চেয়ে পুলিশের আগ্রহ বেশি মামলা করার দিকে। রয়েছে ঢালাও ঘুষের অভিযোগ। টাকার বিনিময়ে অবৈধ যানবাহনকে চলার সুযোগ করে দেওয়ার অভিযোগ তো প্রকাশ্য এবং পুরোনো। আছে ভিআইপিদের উৎপাত। মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তা, পাতিনেতা, শ্রমিকনেতা সবার কাছ থেকেই রাস্তাটা ‘একটু টেনে দেওয়ার’ অনুরোধ পায় ট্রাফিক পুলিশ। ‘একটু টেনে দেওয়া’ মানে হলো আপাত ক্ষমতাবান সেই ব্যক্তি যে পথে যাবেন, সেই পথে সিগন্যাল লম্বা সময় ছেড়ে রাখা। বাকি পথ তখন ঠায় দাঁড়িয়ে থাকে। বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন থেকে শুরু করে সরকারি সংস্থার মার্কামারা যানবাহনগুলোও চলছে যথেচ্ছ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার গত ২৪ আগস্ট প্রথম আলোর গোলটেবিল বৈঠকে এসে আক্ষেপ নিয়ে বললেন, মানুষ এখন খেলার মাঠমুখী হচ্ছে না। এমনকি জমজমাট বিপিএল খেলার সময়ও গ্যালারি ফাঁকা থাকছে। প্রতিমন্ত্রীর এই আক্ষেপের জবাবে গোলটেবিলে অংশগ্রহণকারী কয়েকজনই একযোগে বলে উঠলেন, যানজটই এর প্রধান কারণ। যানজটের কারণে মানুষকে এখন অনেক আচার-অনুষ্ঠান বাদ দিতে হয়েছে। খুব প্রয়োজন ছাড়া কেউ কোথাও যান না।
ফেসবুকে প্রতিদিন ক্ষোভ ঝাড়েন যানজটে ভোগা মানুষ। কর্মস্থলে বা গন্তব্যে সময়মতো পৌঁছানোটা খুবই অনিশ্চিত হয়ে পড়েছে। এই শহরে এখন দুরূহ হয়ে পড়েছে বয়স্ক, অসুস্থ, গর্ভবতী নারী ও শিশুদের চলাচল। মোটর সারাইকর্মী মো. শামীম তাঁর গর্ভবতী স্ত্রীকে ঠিকমতো চিকিৎসকের কাছে নিয়ে না যেতে পারার কথা জানালেন। তিনি বলেন, তাঁর বাসা মিরপুরের পীরেরবাগে। আর তাঁর পুরোনো চিকিৎসক বসেন নাখালপাড়ায়। মুঠোফোনে চিকিৎসকের পরামর্শই এখন তাঁদের ভরসা। আর আশপাশের চিকিৎসকদের কাছে নেওয়াটাও একটা বিড়ম্বনা। কারণ এ অবস্থায় তাঁর স্ত্রীর রিকশায় চড়া বারণ।
যানজটের কারণে সময়সূচি রক্ষা করা ঢাকার মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মানুষ নিত্যদিন সামাজিক যোগাযোগমাধ্যমে যানজটে নিজেদের অসহায় অবস্থা নিয়ে লিখছেন।
সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে একটি অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদক বানী ইয়াসমিন লিখেছেন, ‘প্রতিদিন জীবনীশক্তির অর্ধেকটাই জ্যামে বসে শেষ হয়। মাথাব্যথাটা দিনে দিনে স্থায়ীভাবে জেঁকে বসছে। এই প্রাণহীন স্থবির শহরটা ছেড়ে দূরে কোথাও চলে যেতে পারলে বেশ হতো।’
ফেসবুকে ঢাকার ট্রাফিকবিষয়ক আপডেট পাওয়া যায় ট্রাফিক অ্যালার্ট গ্রুপে। এই গ্রুপে ৭৫ হাজার মানুষ যুক্ত। এখানে মুনতাহা বিনতে সালাম লিখেছেন, ‘চাকরিটা আর থাকবে না মনে হয়। কাল গিয়েছি ১১টায়, আজ যাব ১২টায়। পরশু গেলাম সাড়ে ১০টায়।’
যানজট তৈরি করেছে অনিরাপত্তাবোধও। এর মধ্যে শিশুদের স্কুলে আনা-নেওয়া হয়ে উঠেছে কঠিন যুদ্ধের নাম। সোয়া কোটি মানুষের এই নগরে কোনো স্কুল বাস সার্ভিস গড়ে না ওঠায় বাবা অথবা মা যেকোনো একজন অথবা পরিবারের কোনো সদস্যকেই স্কুলগামী সন্তানদের আনা-নেওয়া করতে হচ্ছে। যাঁদের সামর্থ্য আছে, ধারদেনা করে হলেও তাঁরা গাড়ি কিনছেন সন্তানদের জন্য। যাঁদের সেটুকু নেই, তাঁদের নিজেদেরই করতে হচ্ছে। শুধু সন্তানকে স্কুলে আনা-নেওয়ার জন্যই অনেক নারীকে চাকরি ছাড়তে হচ্ছে।

মিরপুরের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস একটি বেসরকারি ব্যাংকে কাজ করতেন। সন্তানের লেখাপড়ার জন্য চাকরি ছাড়তে হয়েছে। তিনি বলেন, তাঁর পাঁচ বছরের ছেলে পড়ে মিরপুরের ড্যাপ স্কুলে। ওই স্কুলের এক কিলোমিটারের মধ্যেই কাজীপাড়া এলাকায় তাঁদের বাসা। এই এক কিলোমিটার রাস্তা বাচ্চাকে নেওয়াই একটা যুদ্ধ। রাস্তা কাটা, শুকনোর দিনে ধুলা, বৃষ্টিতে কাদা। তাই হেঁটেও যাওয়া যায় না। রিকশায় যেতে প্রায়ই দুর্ঘটনায় পড়তে হয়। শেষমেশ একটা গাড়ি ভাড়া করতে হয়েছে। দেড় কিলোমিটার দূরের স্কুলে যাতায়াতে প্রতিদিন খরচ হয় ৫০০ টাকা।
শ্যামলীর বাসিন্দা মুনিয়া ইসলাম ও তাঁর স্বামী শফিউর রহমান দুজনই কাজ করেন দুটি বহুজাতিক উন্নয়ন সংস্থায়। এই দম্পতির ছয় ও চার বছর বয়সী দুই সন্তান পড়ে ধানমন্ডির একটি স্কুলে। মুনিয়া ইসলাম প্রথম আলোকে বলেন, শুধু সন্তানদের স্কুলে যাতায়াতের জন্য তাঁদের গাড়ি কিনতে হয়েছে, চালক নিয়োগ দিতে হয়েছে। প্রতি মাসে এ বাবদ গড় খরচ ৩০ হাজার টাকার মতো। তাঁরা নিজেরাও বাসে ও অফিসের ভাড়া করা গাড়িতে অফিসে যাতায়াত করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাসান আল শাফী মনে করেন, ঢাকার যানজটের কারণে মানুষের সরাসরি যোগাযোগ কমেছে, বেড়েছে ফোন ও অন্তর্জালের (ইন্টারনেট) ওপর নির্ভরতা। তিনি বলেন, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ, কেনাকাটা বা জীবনযাপনের নানা বিষয়ে মানুষ অন্তর্জালের দ্বারস্থ হচ্ছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, যেকোনো আলোচনা সভা বা সামাজিক অনুষ্ঠানে যাওয়াটা একটা ঝক্কি। আর অনুষ্ঠান শেষেও এমন তড়িঘড়ি করে ফিরতে হয়! আড্ডা, আলোচনা, মিথস্ক্রিয়াগুলো আর আগের মতো হয় না। এ সবই অনলাইননির্ভর হয়ে পড়ছে। কোথাও গেলেই দেখা যায়, সবার মধ্যে বাসায় বা কাজে ফেরা নিয়ে একটা অস্থিরতা কাজ করে। এসবের কারণে মানুষে মানুষে নতুন সম্পর্কগুলো তৈরি হচ্ছে না। সম্পর্কে আস্থার জায়গাগুলো আর থাকছে না। সম্পর্কও গভীরতা হারাচ্ছে।