যানজটে ভোগান্তিতে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেল সোয়া তিনটা। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোড়। সড়কের দুই পাশেই স্থবির অসংখ্য গাড়ি। গতকাল রাজধানীর বেশির ভাগ সড়কে এভাবেই গাড়ির জট লেগে থাকে। এতে মানুষের তীব্র ভোগান্তি পোহাতে হয় l ছবি: প্রথম আলো
বিকেল সোয়া তিনটা। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোড়। সড়কের দুই পাশেই স্থবির অসংখ্য গাড়ি। গতকাল রাজধানীর বেশির ভাগ সড়কে এভাবেই গাড়ির জট লেগে থাকে। এতে মানুষের তীব্র ভোগান্তি পোহাতে হয় l ছবি: প্রথম আলো

তীব্র যানজটে গতকাল বিকেল থেকে প্রায় স্থবির হয়ে পড়েছিল রাজধানী। ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। যানজটের কারণে দীর্ঘ সময় একই জায়গায় বাস থেমে থাকায় বাধ্য হয়ে বিকেলে অফিসফেরত যাত্রীদের অনেকেই বাস ছেড়ে হাঁটা শুরু করেন।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় অংশ নিতে আসা দলীয় নেতা-কর্মীদের মিছিলের কারণে দুপুর থেকেই উদ্যানের আশপাশের সড়কের যানবাহনের গতি মন্থর হয়ে পড়ে। জনসভার শুরু এবং শেষে পথে বিপুলসংখ্যক মানুষ নেমে পড়লে যানজট আরও তীব্র হয়। ফলে যানবাহনের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে গতকাল সময় লেগেছে কয়েক গুণ বেশি। আবার অনেক সময় পথে দাঁড়িয়ে থেকেও অনেকে বাস পাননি।
বেলা তিনটায় শুরু হওয়া আওয়ামী লীগের জনসভায় অংশ নিতে বেলা একটা থেকেই নেতা-কর্মীরা শোভাযাত্রাসহ জনসভাস্থলে আসা শুরু করেন। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা খণ্ড খণ্ড এসব শোভাযাত্রায় গাড়ির বহরও ছিল।
মন্থর গতিতে চলা এসব শোভাযাত্রা অলিগলিতে যানজটের সৃষ্টি করে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরের ভিআইপি প্রটোকলের কারণে মূল সড়কগুলোও স্থবির হয়ে পড়ে। সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মৎস্য ভবন, শিশুপার্ক, রূপসী বাংলা হোটেল এলাকার রাস্তার পাশ দিয়ে শোভাযাত্রার গাড়িগুলো রাখা হয়। এ কারণে মূল সড়ক সংকীর্ণ হয়ে পড়ে। স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হয়ে দেখা দেয় যানজট।
সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল বাবুল প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটা থেকেই মূলত গাড়ির চাপ বাড়তে শুরু করে। শাহবাগ মোড় এবং এর আশপাশের এলাকায় গাড়ির চলাচল স্বাভাবিক না হওয়ায় পুরো রাস্তায় যানজট দেখা দেয়।
কমলাপুর থেকে ছেড়ে আসা বাহন পরিবহনের চালক সোহেল মিয়া বলেন, কমলাপুর থেকে গাড়িটি শাহবাগ আসতেই সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। অন্যান্য সময় ৪০-৫০ মিনিটে আসা যায়। গন্তব্যস্থল মিরপুরে যেতে কত সময় লাগবে, সেটা নিয়েই তাঁর যত দুশ্চিন্তা।
মতিঝিলে কর্মস্থল চাকরিজীবী আসিফ মোহাম্মদের। বিকেল সাড়ে চারটায় অফিস শেষ করে গাড়ি না পেয়ে হেঁটেই রওনা দেন কাঁঠালবাগানের বাসার উদ্দেশে। পরীবাগ মোড়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হলে এক রাশ বিরক্তি নিয়ে তিনি বলেন, ‘ঘণ্টা খানেক দাঁড়িয়ে ছিলাম গাড়ির জন্য। পেলাম না। যে কয়েকটা গাড়ি আসে, সেগুলোও কানায় কানায় ভর্তি। তাই হেঁটেই চলে এলাম।’