যানজটের অন্যতম কারণ রাস্তার বেহাল দশা
একদিকে দৈনিক বাংলার মোড়, অন্যদিকে হাউস বিল্ডিং ফাইন্যান্স কোম্পানি-সংলগ্ন গলি, বিপরীত দিকে জাতীয় ক্রীড়া পরিষদের সামনের পুরো রাস্তা—সব এলাকায় যানবাহন স্থির হয়ে আছে।গতকাল মঙ্গলবার বেলা সোয়া তিনটায় এমন দৃশ্য দেখে খোঁজ নিয়ে জানা গেল, ক্রীড়া পরিষদের ঠিক বিপরীত দিকে পুরানা পল্টনে যাওয়ার যে রাস্তাটি, তার মুখে সৃষ্টি হওয়া একটি গর্তে মাইক্রোবাসের চাকা দেবে গেছে। মৌচাক ও পুরানা পল্টন এলাকার লোকজন বলেন, রাস্তাঘাট অনেক দিন মেরামত করা হয়নি। তার ওপর বৃষ্টির পানি জমে জমে রাস্তা ভেঙে এ ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। গ্রিন রোড থেকে কাঁঠালবাগান বাজারের গলির মুখে বড় একটি গর্ত। রাস্তা খোঁড়াখুঁড়ির পর ভালো করে মেরামত করা হয়নি। এখানেও প্রায়ই গাড়ির চাকা পড়ে আটকে যাচ্ছে। আর এমন হলে আশপাশের কয়েকটি রাস্তায় যানজট লেগে সব রাস্তা বন্ধ হয়ে যায়।রাস্তার কারণে অসহনীয় যানজট সৃষ্টির এই হলো নমুনা। নগরের অনেক স্থানে এ অবস্থা বিরাজ করছে। রাস্তা খুঁড়ে দীর্ঘদিন মেরামত না করা, করলেও দায়সারাভাবে করা এবং বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় রাজধানীর রাজপথ থেকে অলিগলি প্রায় সর্বত্রই এখন বেহাল অবস্থা বলে খোদ ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) সূত্র দাবি করেছে।ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমান অবস্থায় অসহায়ত্বও প্রকাশ করেছেন। কেউ কেউ বলেন, অতীতে রাস্তা উন্নয়ন ও মেরামতে দুর্নীতির কারণে রাস্তার এমন দশা হয়েছে।ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন অবশ্য প্রথম আলোকে বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, ঢাকার রাস্তা মেরামতের জন্য তিনটি ভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু এগুলো বাস্তবায়নের তহবিল ডিসিসির কাছে নেই।জানা যায়, ডিসিসি বিধ্বস্ত রাস্তা মেরামতে এবারের বাজেটে ১৭০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এর বাইরে থাকবে সরকারি বরাদ্দ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে পাওয়া অর্থ।নাগরিক দুর্ভোগ: নগরের রাজপথ থেকে অলিগলির করুণদশা অতীতের সব রেকর্ড ভেঙেছে। এ কারণে যানজট পরিস্থিতিও ভয়ংকর রূপ নিয়েছে বলে ভুক্তভোগীরা জানান। প্রতিদিন মতিঝিল অফিসপাড়া থেকে মিরপুরে যাতায়াত করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী আওলাদ হোসেন। তিনি বলেন, পুরানা পল্টন মোড় দিয়ে চলতে গিয়ে তাঁর মনে হচ্ছিল, এই বুঝি বাস উল্টে যাচ্ছে।ডিসিসি নিজে যেসব সড়ক বিধ্বস্ত বলে চিহ্নিত করেছে, সেগুলোর মধ্যে রাজধানীর ১০টি অঞ্চলই রয়েছে। আর সব অঞ্চলের রাস্তার কারণে যানজট বেশি হচ্ছে। এগুলোর মধ্যে খুব বেশি খারাপ অবস্থায় আছে ৬ নম্বর অঞ্চলের কাজী নজরুল ইসলাম এভিনিউ, গ্রিন রোড, রাজাবাজার, ইন্দিরা রোড, মনিপুরিপাড়া, শ্যামলী, তাজমহল রোড, নূরজাহান রোড, আযম রোড, মিরপুর রোড, জাফরাবাদ প্রভৃতি। পুরান ঢাকা বা ৩ নম্বর অঞ্চলের মনেশ্বর রোড, টালী অফিস রোড, মিতালী রোড, শেরেবাংলা রোড, ভাগলপুর, নবাবগঞ্জ, বেড়িবাঁধ রোড, শহীদনগর, ঢাকেশ্বরী রোড, আজিমপুর, ছাপরা মসজিদ রোড, হোসেনী দালান প্রভৃতি এলাকায়ও রাস্তাঘাটের অবস্থা খারাপ পর্যায়ে রয়েছে। এ ছাড়া মতিঝিলমুখী অভয় দাস লেন, মিরপুর রোড, টঙ্গী ডাইভারশন রোড, জনপথ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কল্যাণপুর, পাইকপাড়া, পীরের বাগ, রামপুরা, বাড্ডা, বনশ্রী প্রভৃতি এলাকার সড়কেরও করুণ অবস্থা। রাস্তা খোঁড়াখুঁড়ির পর মেরামত করা হয়নি—এমন অনেক সড়ক আছে।ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, বর্তমানে ওয়াসা কোথাও উন্নয়নকাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করছে না। নিয়ম অনুসারে রাস্তা খোঁড়ার আগেই তা মেরামতের জন্য ডিসিসিকে টাকা দেওয়া হয়েছে।তিতাস গ্যাস কোম্পানি, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারাও একই কথা বলেন।উন্নয়নকাজে রাস্তা খোঁড়ার জন্য প্রতি বর্গফুট জায়গা হিসাব করে আগেই ডিসিসিকে নির্ধারিত ক্ষতিপূরণ না দিলে অনুমতি পাওয়া যায় না।